নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ জানুয়ারি’২০২০:-

ডুয়ার্স উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ষষ্ঠ বর্ষের আলিপুরদুয়ার জেলা বইমেলা। আলিপুরদুয়ার গ্রন্থাগার কর্তৃপক্ষ দ্বারা ম্যাকউইলিয়াম স্কুলে আয়োজিত এই মেলা ৮ই জানুয়ারি ২০২০ থেকে ১৪ই জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে। ৮ই জানুয়ারি আলিপুরদুয়ার জেলা বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ষষ্ঠ বর্ষের বইমেলার সভাপতি তথা আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বইমেলার জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে, আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী, ভূমি ও ভূমি রাজস্ব ও উদ্বাস্তু, ত্রান ও পুনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি মৃদুল গোস্বামী, বঙ্গরত্ন পরিমল দে সহ অনেকেই।
৭ দিনের এই বইমেলায় দুটি বাংলাদেশের বইয়ের দোকান সহ থাকছে মোট ৬০টি বইয়ের দোকান। পাওয়া যাবে বিভিন্ন নামী পাবলিকেশন এর বই। বইমেলাকে কেন্দ্র করে রোজদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ। অঙ্কন প্রতিযোগিতা ও কুইজে প্রথম স্থানাধিকারীকে দেওয়া হবে রূপোর কয়েন। এছাড়াও গোটা বইমেলায় সর্বোচ্চ বই ক্রেতাকে বিশেষ সম্মানে সম্মানিত করবেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী।
ষষ্ঠ বর্ষের আলিপুরদুয়ার জেলা বইমেলার জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে জানান, “এবছর ৬০টি বইয়ের দোকান আছে, সেগুলোতে বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যাবে। আমরা চাই অনেক পরিমানে মানুষ আসুক, বই কিনুক। বইমেলার সাথে এখনও পর্যন্ত আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা ও কুইজের কথা ভেবেছি। তবে এর সাথে আরও কিছু করার ইচ্ছে আছে”।
