নাকে রুমাল চেপে সমস্যা সইছে বারবিশার মানুষজন : জঞ্জাল সাফাইয়ে নীরব প্রশাসন |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৬ ডিসেম্বর’১৯ :-

আলিপুরদুয়ার জেলার অন্যতম বাণিজ্যিক শহর বারবিশা । কলেবরে ক্রমশ স্ফীতমান ,তবে প্রাত্যহিক জীবন যাপনের সামাজিক সুবিধা আজও অধরা এই শহর বাসীর কাছে । তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ , আবর্জনা সাফাই সমস্যা । এলাকায় যত্রতত্র জমছে জঞ্জাল , রুমাল নাকে চেপে এড়িয়ে যাচ্ছেন এলাকাবাসী এবং নিশ্চুপ প্রশাসন । প্রশ্ন উঠছে প্রতিটি মহলেই , কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবার লোকের অভাব । ফলত , সমস্যা দুর্বিষহ হয়ে উঠলেও ,যে তিমিরে ছিল ,রয়েছে সেই তিমিরেই ।

প্রসঙ্গত ,আলিপুরদুয়ার জেলা পরিষদের একটি উল্লেখযোগ্য বাজার হলো কুমারগ্রাম ব্লকের সীমান্ত বারবিশা বাজার । এই বাজারে সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার হাট বসে । সীমান্তের এই হাটের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকেন আসাম, বাংলা ও ভুটান এলাকার কয়েক হাজার জনজাতির মানুষ । এই জনবহুল বাজারের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নোংরা আবর্জনা । বাজারের ভেতর দোকানের শেড গুলোর আশপাশে দিনের পর দিন নোংরা আবর্জনা জমতে জমতে ভয়াবহ আঁকার ধারণ করেছে । যত্র তত্র প্রস্রাব করার ফলে প্রতি নিয়ত বায়ু দূষণ হচ্ছে । নোংরা আবর্জনা জমতে জমতে দোকান শেড গুলো গ্রাস করে নিচ্ছে। বাজারের এহেন অবস্থায় হাটে আসা নিত্য ক্রেতা বিক্রেতারা ঘটনায় অতিষ্ট হয়ে উঠেছেন । জানা গেছে, বারবিশা ব্যবসায়ী সমিতির তরফে বেশ কয়েক বার উদ্যোগ নিয়ে জঞ্জাল পরিষ্কার করলেও আবার যেই কি সেই অবস্থা । ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে একাধিক বার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্বেও, একাধিক বার প্রশাসনের কর্তারা সরেজমিনে পর্যবেক্ষণ করে গেলেও কাজের কাজ কিছুই হয়নি ।অচল হয়ে পরে রয়েছে সাফাই এর কাজ । স্বাভাবিক কারণেই প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমানসে ।

Leave a Reply

error: Content is protected !!