নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯:-

ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়িতে। সূত্রের খবর, রবিবার নিউ জলপাইগুড়ি থানা পুলিশের কাছে স্থানীয় বেশ কয়েকজন যুবক যুবতী লিখিত ভাবে অভিযোগ জমা দেয় অভিজিৎ পাহান মুন্ডার নামে। অভিজিৎ পাহান মুন্ডার বাড়ি বালুরঘাটের কুমারগঞ্জে। জলপাইগুড়ির যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে অভিযুক্ত ব্যক্তি। জলপাইগুড়ি থানার পুলিশ অভিযোগ পাবার পর তদন্তে নেমে গ্রেফতার করেন অভিযুক্ত অভিজিৎ পাহান মুন্ডাকে। জানা যায়, ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে বের করার জন্য অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে।
