নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’১৯:-

এক কোটি টাকার বেশি ব্রাউন সুগার ও আফিম উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায়। সূত্রের খবর, শুক্রবার জলপাইগুড়ির গোসালা মোড় এলাকায় একটি পণ্যবাহী লরিতে করে পাচার করা হচ্ছিল আফিম ও ব্রাউন সুগার। ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় ৫২ কেজি আফিম ও ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, আসাম থেকে রাজস্থানে পাচার করা হচ্ছিল বিপুল পরিমানের এই মাদক। গাড়িটির পেছনে তাড়া করার সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটির হুডের মধ্যে বস্তাবন্দি করে রাখা ছিল আফিম ও ব্রাউন সুগার। ট্রাকে তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে আসে বস্তাটি। লরিটি আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বেআইনি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত কয়েক মাসের মধ্যে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার,আফিম, ইয়াবা টেবলেট ও গাঁজা উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কয়েকটি গাড়ি সহ বেশ কয়েকজন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।পাচারকারীদের বেশিরভাগই রাজস্থান, হরিয়ানা ও বিহার এলাকার বাসিন্দা বলে সূত্রে খবর। পাচার চক্রে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
