নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি – উদ্ধার হওয়া গতকালের প্রথম মৃত গন্ডার । ফাইল চিত্র
বিপন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান । বিপন্ন জলদাপাড়ার জাতীয় সম্পদ একশৃঙ্গ গন্ডার । বুধবার এক মাদী গন্ডারের মৃতদেহ উদ্ধারের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের এক মৃত গন্ডার উদ্ধার করে রীতিমত ‘টেনশনে’ জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তথা রাজ্য বন বিভাগ । এবং শুধু তাই নয় , এই দ্বিতীয় গন্ডার মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার সকালে আরও একটি মুমূর্ষু গন্ডার উদ্ধার হয়েছে জলদাপাড়ায় । সেটি ধুঁকছে । গতকাল যে মৃত গন্ডার উদ্ধার হয়েছিল ,তার সঙ্গে ছিল আনুমানিক আড়াই মাস বয়সী শাবক এবং আজকেও যে মৃত মাদী গন্ডার উদ্ধার হয়েছে , এখানেও অনাথ এক শাবক উদ্ধার হয়েছে । সব মিলিয়ে বিপন্নতার মেঘ জমেছে জলদাপাড়ায় । প্রাথমিক অনুমানে আনথ্রাক্স এর সম্ভাবনা মাথায় এলেও , সঠিক কার্যকারণ ‘ফরেনসিক’ পরীক্ষার পরই হাতে আসবে বলে দুশ্চিন্তায় বন বিভাগ । এবং যদি এই মারণ রোগ আনথ্রাক্স এর ‘অনুমান’ সঠিক বলে প্রতিপন্ন হয় ,তবে প্রায় আড়াইশ একশৃঙ্গ গন্ডারের বাসভূমি সমৃদ্ধ জলদাপাড়া জাতীয় উদ্যানে যে চরম দুঃসময় ঘনিয়ে এসেছে ,তা আর বলবার অপেক্ষা রাখে না । রেড এলার্ট জারি হয়েছে জলদাপাড়ায় ।
সূত্রের খবর , গতকাল জলদাপাড়া ইস্ট রেঞ্জের শিসামারা বীটের অন্তর্গত জঙ্গল ঘেঁষা লোকালয়ে উদ্ধার হয়েছিল অনাথ শাবক সহ এক মৃত মাদী গন্ডার । এবং তারপরেই নজরদারি শক্ত করে বন বিভাগ । এবং রাতেই ফের ইস্ট রেঞ্জের সিধাবাড়ি এলাকায় পাওয়া যায় এক মৃত মাদী গন্ডার । সঙ্গে এক মা হারা শাবক । ‘টেনশন’ এর তখনও বাকী ছিল । সকাল হতেই আরও এক গন্ডারের খবর আসে মালঙ্গি বীটের জঙ্গলে , এই এলাকাও জলদাপাড়া ইস্ট রেঞ্জের অধীনে বলে জানা গেছে ।
একের পর এক গন্ডার মৃত্যু , বিশেষ করে মৃত্যুর ধরন ভাবিয়ে তুলেছে সকলকেই । খোদ বন মন্ত্রী আনথ্রাক্স এর অনুমানের কথা জানিয়েছিলেন গতকালই । এই মুহূর্তে জলদাপাড়ায় শ্মশানের স্তব্ধতা । চার চারজন পশু চিকিৎসককে বাইরে থেকে নিয়ে এসে মেডিক্যাল বোর্ড বসিয়ে উদ্ধারকৃত তৃতীয় মুমুর্ষ গন্ডারের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বন বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ । সেই সঙ্গে , মৃত গন্ডারের দেহাংশ -নমুনা আকাশ পথে পাঠানো হয়েছে কলকাতার বেলগাছিয়ায় ল্যাবে । রিপোর্ট এলেও জানা যাবে , আদৌ কি এই দুই গন্ডারের ঘটনা স্বাভাবিক মৃত্যু, নাকি জলদাপাড়ায় পড়েছে ঘাতক আনথ্রাক্স এর করাল থাবা ?