ভুটান সীমান্তশহর জয়গাঁয় হবে ‘ইন্ডিয়া গেট’ : ডুয়ার্সের পর্যটন বিকাশে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা মন্ত্রী গৌতম দেবের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ সেপ্টেম্বর’১৯ :-

জঙ্গল নদী পাহাড় চা বাগিচা ঘেরা ডুয়ার্স । রূপ রস রঙের সমাহার । আর্থ সামাজিক পরিকাঠামোর মূল ছিল ‘ট্রিপল টি ‘ তথা টি-টিম্বার ট্যুরিজম । টিম্বার শেষ , টি ধুঁকছে , শেষ সম্বল বলতে ট্যুরিজম । একমাত্র ট্যুরিজমই পারে ডুয়ার্সের পিছিয়ে পড়া অর্থনীতির ধারক ও বাহক হয়ে উঠতে । এই সরল সত্য অজানা নেই কোনো স্তরেই । সে কারণে দীর্ঘদিন ধরেই সরকারী ও বে সরকারি স্তরে ট্যুরিজমকে সামনে রেখেই নানা পরিকল্পনা নেওয়া চলছে । ডুয়ার্সের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে সরকারী ‘ইচ্ছে’ কিংবা উদ্যমের অভাব নেই । নয়া ব্লু হোম স্টে থেকে শুরু করে নতুন রূপের জঙ্গল সাফারি কিংবা ইকো ট্যুরিজম থেকে শুরু করে টি ট্যুরিজম মায় অধুনা ‘ এডভেঞ্চার ট্রেক ট্যুরিজম ‘ , ডুয়ার্সের এই নানা আঙ্গিকের পর্যটনের সম্ভবনাকে তুলে ধরতে চেষ্টার খামতি নেই । রবিবারও সে প্রচেষ্টার সামান্য প্রতিফলন ফুটে উঠল পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যে । পুজোর আগেই ডুয়ার্সের পর্যটনের বিকাশে এক গুচ্ছ প্রকল্পের ঘোষনা করলেন রাজ্যের পর্যটন দফতর। রবিবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

এদিন বৈঠকের পর গৌতম দেব জানান পাহাড়, ডুয়ার্স মিলিয়ে বিভিন্ন এলাকায় ৮৯ টি ট্রেকিং রুট খুলে দেওয়া হচ্ছে। এই রুটে ট্রেকিং করতে পারবেন ট্রেকাররা। এছাড়া ডুয়ার্সের ফাসখাওয়া, গারুচিরা, জলদাপাড়ার প্রধানপাড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হচ্ছে। পুজোয় পর্যটকদের জন্য বাগডোগরা এয়ারপোর্ট, এনজেপি স্টেশন, মালবাজার সহ বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে পর্যটনের বিশেষ সার্কিট তৈরি করা হচ্ছে। হোম স্টে গুলোকে আর্থিক অনুদানের মাধ্যমে আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

অন্যদিকে , ভারত – ভুটান সীমান্তের বাণিজ্যিক শহর জয়গাঁ , যার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে নিত্য লেনদেন ভারতের । জয়গাঁ শেষে ভুটানের ফুঁৎসিলিং প্রবেশের মাঝে রয়েছে ভুটান নির্মিত একটি প্রবেশ্বদ্বার , ভুটান গেট নামেই সমধিক পরিচিত । এবার তার আদলে , জয় গাঁ শহরেও একটি ‘ ইন্ডিয়া গেট’ নির্মাণ হতে চলেছে । দেশের তথা ডুয়ার্সের কৃষ্টি – সংস্কৃতি এই প্রবেশ দ্বারের মাধ্যমে কিছুটা হলেও প্রতিফলিত হবে । জয়গাঁ উন্নয়ন পর্ষদের দায়িত্বে এই ‘ ইন্ডিয়া গেট ‘ নির্মাণ শুধু সময়ের অপেক্ষা বলেই জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!