নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ ডিসেম্বর’১৯:-

প্রাক বড়দিন উৎসবে সামিল হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন আলিপুরদুয়ার জেলার শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পবন কুমার রাই। সূত্রের খবর, মঙ্গলবার শামুকতলা গ্রাম পঞ্চায়েত এলাকার সাঁন্তালপুর সি এন আই চার্চ(হিল) ও সাঁন্তালপুর সি এন আই চার্চ(প্লেন) সহ প্রায় মোট ৬০টি চার্চে তিনি শিশুদের মধ্যে মোমবাতি ও কেক বিতরণ করলেন। চার্চে মোমবাতি জ্বালানোর উদ্দেশে তিনি শিশুদের মধ্যে সেগুলো বিলি করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই দেশ জুড়ে চলা ধর্ম ভেদাভেদের মধ্যে তার এই কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে এসেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে কেক ও মোমবাতি পেয়ে শিশুদের উৎফুল্লতা ছিল দেখার মতো। সবমিলে জমজমাট সেই এলাকার বড়দিন উৎসব।
