গণবিবাহ চুরি ,কাঠগড়ায় শাসকদল : ‘আইন মেনেই আয়োজন করেছি ‘, বিজেপির অভিযোগ ওড়ালো তৃণমূল |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি – চলছে বিতর্কিত গণবিবাহ

কেউ বলছেন ‘ছিনতাই’ ,কেউ বলছেন ‘হাইজ্যাক’ । আর কেউ বা বলছেন ‘চুরি’ । শব্দের প্রাবল্য যাই হোক না কেন , অভিযোগ, ছিনতাই কিংবা চুরি হয়েছে গণবিবাহ । অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের প্রতি এবং স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই অভিযোগ উড়িয়ে দিয়ে গণবিবাহের আয়োজনে ব্যস্ত আলিপুরদুয়ার তৃণমূল । এবং রবিবার দিনভর ও সোমবার , এই দেড় দিন ধরে ,পথঘাট থেকে সোশ্যাল মিডিয়ায়, গোটা আলিপুরদুয়ারে আলোচনার বিষয়বস্তু একটাই , গণবিবাহ । এবং যে আয়োজনের পূর্ব ঘোষিত পরিকল্পনা ছিল ‘আলিপুরদুয়ার গণ বিবাহ সমিতি’ র(পড়ুন আর এস এস নিয়ন্ত্রিত এক সংগঠন ) ও শ্রী হরি সৎ সঙ্গের । দিনের শেষে সেই গণ বিবাহের রাশ হাতে নিল তৃণমূল । প্রায় ১৫০ জোড়া গণ বিবাহের ধুমধাম নিয়ে আপাতত সরগরম আলিপুরদুয়ার । এবং আসন্ন পুরভোট ও ফালাকাটা উপ নির্বাচনের প্রাক্কালে , প্রকারান্তরে বিজেপি-তৃণমূলের এক ঠান্ডা লড়াইয়ের সাক্ষী রইল জেলা আলিপুরদুয়ার , এমনটাই ফিসফাস জেলার ‘অন্দর-বাহিরে’ ।

সূত্র বলছে , প্রায় দেড়শ জোড়া গণ বিবাহের আয়োজন করেছিল আলিপুরদুয়ার গণ বিবাহ সমিতি । এবং আইনের যাঁতাকলে তাদের উদ্যোগ মাঠে মারা যায় , আইনি অনুমোদন দেয় নি আলিপুরদুয়ার পুলিশ । ফলত ভেস্তে যায় তাদের উদ্যোগ । একমাস আগে থেকে প্রশাসনকে জানিয়েও তাদের গণ বিবাহের অনুষ্ঠান মঞ্চ ভেঙে দেওয়া ,মাইক বাজেয়াপ্ত করা , যারা বিয়ে করবেন তাদের থ্রেট দেওয়া ইত্যাদি জোরজবরদস্তি পুলিশের তরফ থেকে করা হয়েছে , জানিয়েছেন সংস্থার সভাপতি রতন তরফদার । তার সরাসরি বক্তব্য , রূপশ্রীর প্রলোভন দেখিয়ে , গণবিবাহ চুরি করেছে তৃণমূল ।
রবিবার , আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা এ নিয়ে তির ছুঁড়ে ছিলেন শাসকদলের দিকে । পেশী শক্তির আস্ফালন দেখিয়ে জোর করে গন বিবাহ বন্ধ করা হচ্ছে ,অভিযোগ তুলেছিলেন তিনি ।
এবং রবিবারের এই ডামাডোলের পরই সোমবার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি স্থানে পর পর শুরু হয় গণ বিবাহ উৎসব (এখনো চলছে) । এবং তা নিয়েও মুখ খুলেছে বিজেপি । জেলা বিজেপির সহ সভাপতি জয়ন্ত রায়ের অভিযোগ , “আলিপুরদুয়ারে গনবিবাহ অনুষ্ঠান পুলিশ জোর করে বন্ধ করে দেওয়ার পর এখন তৃনমূলের উদ্দ্যোগে তাদের গনবিবাহ দেওয়া হচ্ছে মাঝেরডাবরি সহ বিভিন্ন এলাকায় । এটা ন্যক্কারজনক ।” মোদ্দা ভাষায় , তৃণমূল এই গণ বিবাহ পুলিশের দ্বারা ভেস্তে দিয়ে প্রকারান্তরে গণ বিবাহ চুরি করেছে , এমন অভিযোগই এনেছেন তিনি ।

অন্যদিকে , গণ বিবাহ ছিনতাই করে নেওয়া হয়েছে ,এই অভিযোগ শুনেই মাছি ওড়ানোর ভঙ্গিতে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা যুব সভাপতি বাবলু (প্রসেনজিৎ) কর । তার বক্তব্য , আইন মেনেই আয়োজন করেছি । জেলা আলিপুরদুয়ার জানে , গণ বিবাহের ব্যবস্থা দীর্ঘকাল ধরে আমরা করে আসছি । ফালাকাটায় বহুদিন ধরে এই অনুষ্ঠান আমরা করে থাকি । গণবিবাহ দিতে হলেও কিছু আইনি অনুমোদন প্রয়োজন । আর আমরা ঢাকঢোল পিটিয়ে নয় ,সাইলেন্টলি মানুষের জন্য কাজ করছি । যে মানুষ গুলো অর্থের অভাবে নতুন জীবন শুরু করতে পারছে না ,তাদের সঙ্গে আমরা রয়েছি । যারা এই নিয়ে রাজনীতি করছে ,তাদের প্রতি করুণা হয় , সরাসরি জানিয়েছেন শাসকদলের জেলা যুব সভাপতি বাবলু কর ।
অপরদিকে , এই মুহূর্তের খবর , ইতিমধ্যেই হাতিপোতা এলাকায় ৮৪ জোড়া , মাঝেরদাবরী এলাকায় 78 জোড়া গণ বিবাহ সম্পন্ন হয়েছে । দাঁড়িয়ে থেকে সমস্ত তদারকি করেছেন তৃণমূলের ছোট-বড়-মেজ কর্মী নেতারা । এবং সব মিলিয়ে ১৫০ জোড়া ছাড়িয়ে যাবে ,জানিয়েছেন বাবলু কর ।

Leave a Reply

error: Content is protected !!