ভরসা নেই জেলা নেতৃত্বে : ফালাকাটা উপনির্বাচনে নিজেরাই প্রার্থী মনোনয়ন প্রস্তাব পাঠালো পুরোনো বিজেপি কর্মীরা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি -হেমন্ত রায় , তাকে নিয়েই চলছে নতুন-পুরাতনে দ্বন্দ্ব

পুরোনো কর্মীদের যোগ্য সম্মান দিচ্ছে না দল, অভিযোগ ফালাকাটা বিধানসভার বিজেপি কর্মীদের। দলের পুরোনো মুখকে তার যোগ্য সম্মান দিচ্ছে না দল, অভিযোগ করে রবিবার আলিপুরদুয়ারের পলাশবাড়ি, ফালাকাটার কদম গ্ৰাম ও জটেশ্বরে এক বৈঠক করেন স্থানীয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তাদের দাবি, গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ফালাকাটার পরাজিত প্রার্থী হেমন্ত রায়কে ২০২০ সালের ফালাকাটা বিধানসভার উপ নির্বাচনে পুনরায় প্রার্থী হিসাবে নির্বাচিত করা হোক। রবিবারের বৈঠকের পর হেমন্ত রায়কে উপ নির্বাচনের প্রার্থী নির্বাচিত করার জন্য দলকে চাপ দিয়ে দলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্থানীয় বিজেপি কর্মীদের এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। উপ নির্বাচনের মুখে হেমন্ত রায়কে প্রার্থী করার দাবীতে দলীয় কর্মীদের জোট বেঁধে সিদ্ধান্ত গ্ৰহনের ফলে গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে দল সাড়ে সাত লক্ষ ভোট পেয়ে জিতেছিল। যারা হেমন্ত বাবুকে প্রার্থী করতে চাইছে তারা দলের কোনো পদে নেই। তাই আমরা এসবকে পাত্তা দিচ্ছি না। প্রার্থী কে হবে তা দলই ঠিক করব।”
হেমন্ত রায় ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফালাকাটার প্রার্থী ছিলেন। তিনি ২০২০ সালের ফালাকাটা বিধানসভার উপ নির্বাচনে দলের পুরোনোদের তাকে প্রার্থী করার প্রস্তাব নেওয়ার কথা স্বীকার করেছেন।
হেমন্ত রায় বলেন, “দলের পুরোনো কর্মীরা আমাকে ফালাকাটা বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী করার জন্য জোর করছেন। তারা রবিবার তিনটি জায়গায় বৈঠক করে আমাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে সেই প্রস্তাব দলের কাছে পাঠাচ্ছেন। কিন্তু প্রার্থী হব কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।”
ফালাকাটা উপ নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি। প্রার্থী বাছাই নিয়ে নতুন-পুরাতনের বিবাদ দলকে বিপাকে ফেলতে পারে এবং উপ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Leave a Reply

error: Content is protected !!