নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪আগস্ট’১৯:-

স্বামীর কাছে নিজের আত্মসম্মান ফিরে পেতে,
এবার ধর্নায় বসলেন দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে ফালাকাটায়। ফালাকাটা থানা পুলিশ সূত্রের খবর, বছর পঁচিশের এক গৃহবধূ, নাম রিমা দাস, স্বামীর খোঁজ পাওয়ার জন্য ধর্নায় বসেছিলেন। সূত্রের খবর, রিমা দাস নামে মহিলাটি অভিযোগ করেন, স্বামী সমীর সরকার ফালাকাটা থানার বাবুপাড়া দিনবাজার এলাকার এক মহিলাকে বিয়ে করেন। তিনি আরো জানান, তার স্বামী সমীর সরকার ও তার পরিবার, রিমা দাস এর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। এই নিয়ে অনেক বার সালিশি সভা হলেও কোনো রকম সমাধান হয়নি।
পরবর্তীতে জানা গিয়েছে, রিমা দাস তার স্বামী সমীর সরকার ও তার পরিবারের বিরুদ্ধে, বধূ নির্যাতনেরও মামলা করেন। মামলা চলাকালীন, রিমা দাস খবর পায়, তার স্বামী আবারও বিয়ে করেছেন, জনৈক বাবুপাড়ার এক মহিলাকে। স্বামীর খোঁজে ফালাকাটা এলে স্বামী সমীর সরকার ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর কোনো খোঁজ পায় নি রিমা দাস। সূত্রের খবর, সেই সময় রিমা দাস ধর্নায় বসার সিদ্ধান্ত নেন।
রিমা দাস ও তাঁর স্বামী সমীর সরকারের দুটি সন্তানও আছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ধর্ণার সামনে পৌঁছায় । রিমা দাস এর পক্ষ থেকে ফালাকাটা থানায় অভিযোগ করা হয়েছে। বর্তমানে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।