রাত গভীরে নিঃশব্দে শহর পরিক্রমা বুনো হাতির : ফালাকাটা জুড়ে চাঞ্চল্য

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩০ অক্টোবর ‘১৯ :-

ছবি – সি সি টিভি ফুটেজে ফালাকাটায় ঘুরছে হাতি । ছবি সৌজন্য অন্তর্জাল

রাত হলেই নিশ্চুপ অন্ধকারে আসছেন তিনি । বিশাল বপু নিয়ে ঘুরছেন শহরের অলি গলি । মানুষ জন তখন ঘুমের রাজ্যে ,পথের কুকুরের সঙ্গে খানিক মোলাকাত করে এবং সামান্য অবজ্ঞা দেখিয়ে ফের দুলকি চালে শহর পরিক্রমা করছেন তিনি । তিনি একটি বুনো হাতি এবং বুধবার ভোর রাতে ঠিক এই ভঙ্গিমাতেই হাতি এসে নির্বিবাদে ঘুরে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার অন্যতম জন বহুল শহর ফালাকাটার এ গলি থেকে ও গলি । দিনের আলোয় তিন চার তলা বাড়ির পাশে ইতিউতি বিশালাকায় পায়ের ছাপ দেখে খোঁজ নেওয়া শুরু হতে ই দু এক বাসিন্দারা বাড়ির সামনে লাগানো সি সি টিভি ক্যামেরা শেষ অবধি সব সন্দেহ নিরসন করে । আক্ষরিক অর্থেই ফালাকাটা শহরের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের এক হাতি । যা দেখে চক্ষু চড়ক গাছ প্রত্যেকের । দীপাবলী উৎসবের শেষ লগ্নে আপাতত এই হাতির খবরই ঘুরছে শহরের মুখে মুখে ।

স্থানীয় বাসিন্দা পিনাকী চক্রবর্তীর বয়ানে , বুধবার সকালে শহরের মাদারী রোড ও সুভাষ পল্লী এলাকায় যত্র তত্ৰ হাতির পায়ের ছাপ দেখে প্রাথমিক সন্দেহ হলেও কেউ ভাবতে পারি নি যে যেভাবে জংলী হাতি এসে নিঃশব্দে পাড়া ঘুরে যাবে । কিন্তু জনৈক রাজা গুহের বাড়ির সি সি ক্যামেরার ফুটেজ দেখে হতবাক হয়ে গেছি । হাতি ঘুরছে শহরের অলিগলিতে । পরে শুনেছি , কালীপূজা দেখে ধুপগুড়ি ফেরত কিছু বাসিন্দা হাতির সামনে পড়ে ছিলেন ,তবে বাঁচোয়া যে হাতি পাশ কাটিয়ে চলে গেছে , স্বস্তির শ্বাস ফেলেন শ্রী চক্রবর্তী ।

বন দফতরের কাছে হাতির এই শহর পরিদর্শনের কোনো খবর নেই , জানিয়েছেন ফালাকাটা বাসীরা । এবং ওয়াকিবহাল মহল বলছে , ফালাকাটার পাশেই রয়েছে জলদাপাড়া -কুঞ্জনগরের জঙ্গল । হাতিটি সম্ভবত সেখান থেকেই লোকালয়ে এসেছিল । তবে তার আগমনের হেতু কি ,তার উত্তর কারো জানা নেই । যদিও এ নিয়ে গুঞ্জনও ঘুরছে শহর জুড়ে , ‘ দীপাবলী উৎসবের আলোর রোশনাই দেখার সাধ মিটিয়ে গেছে জঙ্গলের হাতি ‘!

Leave a Reply

error: Content is protected !!