কমপক্ষে আড়াই হাজার প্রতিযোগী : কচিকাঁচাদের কবিতা-আবৃত্তি-ছবি-গান-নাচে ভরপুর জমজমাট ডুয়ার্স উৎসবের শিশুমঞ্চ |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১ জানুয়ারি’২০২০ :-

১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসবের চতুর্থ দিনে শিশু মঞ্চ বেশ জমজমাট। ১লা জানুয়ারি ২০২০ অর্থাৎ নতুন বছর শুরুর সকাল থেকেই বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু মঞ্চে দেখা গেল প্রতিযোগীদের ভিড়। সকাল ১০:৩০ টা থেকে সারাদিন ধরে চলবে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ভক্তিগীতি, দেশাত্মবোধক এবং রুচিশীল আধুনিক বাংলা গানের প্রতিযোগিতা।
গত ৩০শে ডিসেম্বর ডুয়ার্স উৎসবের শিশু মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লু বি এ সি ডি সি এল কলকাতার অ্যাডভাইসর ও সি পি আর ও বিশ্বরূপ মুখার্জী, ডুয়ার্স উৎসব কমিটির সাধারন সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, ডুয়ার্স উৎসবের সম্পাদক অনুপ চক্রবর্তী, আলিপুরদুয়ার ডব্লু বি এ সি ডি সি এল এর ডিভিশনাল ম্যানেজার দীপেন খাওয়াস ছাড়া আরও অনেকেই।
এবছর শিশু মঞ্চে প্রতিযোগিতা ও আমন্ত্রনী অনুষ্ঠানে ১৫ বছর পর্যন্ত শিশু কিশোর-কিশোরিরা অংশগ্রহন করতে পারবে। বয়সসীমা অনুযায়ী শিশুদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে- অতি বিশেষ, ক, খ, গ এবং বিশেষ। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে থাকবে যে কোন ভাষায় বর্ণমালা লিখন, ছড়া আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ভক্তিগীতি, আধুনিক গানে নাচ, ডুয়ার্স এর কবিদের বাংলা কবিতা, রবীন্দ্রনৃত্য, স্কুল ভিত্তিক কুইজ ছাড়াও আরো অনেক কিছু।
এবছর যুগ্মভাবে শিশু মঞ্চের দায়িত্বে রয়েছেন ডুয়ার্স উৎসব কমিটির সদস্য তথা আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের শিক্ষক অজিত নাথ এবং ডুয়ার্স উৎসব কমিটির সদস্য উৎসেন্দু তালুকদার। উৎসেন্দু তালুকদার বলেন, “আমাদের মূল লক্ষ্য শিশুদের প্রতিভা বিকশিত হোক। যারা যোগ্য তারাই যাতে সম্মান পায়। প্রতিযোগিতাগুলো সুষ্টুভাবে পরিচালিত হওয়ার জন্য কলকাতা থেকে বিচারক আনা হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিচারকরাও আছেন। প্রতিযোগিতার জন্য এখনো পর্যন্ত ২৫০০ শিশুর নাম নথিভুক্ত আছে, যার সংখ্যা আরও বাড়তে পারে। এবছর প্রতিটি শিশুকে মেডেল দেওয়া হচ্ছে। এইবারের আয়োজনে শিশুদের অভিভাবকরাও বেশ খুশি। আভিভাবকদের এরকম সাড়া পেয়ে আমরা সত্যিই আপ্লুত”।
এক প্রতিযোগীর বাবা অলোক ঘোষ বলেন, “আমরা এইবছরের আয়োজনে খুব খুশি। এইবছর বাইরে থেকে বিচারক আনা হয়েছে এবং যোগ্য প্রতিযোগীকেই সম্মান দেওয়া হচ্ছে”।
অন্যদিকে, ১লা জানুয়ারি বিকালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইন দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে ডুয়ার্স উৎসবের শিশু মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!