বয়স্কদের জন্য বিশ্রামাগার , আলাদা স্তন্যপান কক্ষ : ব্যবস্থাপনায় আধুনিকীকরণ ১৬তম ডুয়ার্স উৎসবে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,৬ জানুয়ারি’ ২০২০ :-

নতুনত্বের দিক থেকে বিগত বছরগুলির ডুয়ার্স উৎসবকে হার মানাল চলতি বছরের ডুয়ার্স। জেল আবাসিকদের হস্তশিল্প থেকে শুরু করে ডুয়ার্স এর সকল জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরা, সবকিছুই চোখে পড়ল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসবে। এর পাশাপাশি দেখা গেল এক আশ্চর্য জিনিস। ডুয়ার্স উৎসবের এক্সপো এর ভেতর নবজাতক শিশু ও মা, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে এক বিশ্রামাগারের। শুধু বিশ্রামাগার নয়, নবজাতক শিশু যারা স্তন্যপান করে তাদের জন্য একটি আলাদা কক্ষেরও ব্যবস্থা করা হয়েছে। রয়েছে জল ও চা এর ব্যবস্থাও। এই মানবিক কাজের প্রশংসা করছে সকলেই।
এক্সপো এর দায়িত্বে থাকা ডুয়ার্স উৎসব কমিটির সদস্য বিদ্যুৎ নাগ বলেন, “আমরা সারাবছর ধরে অনেক জায়গায় অনেক মেলা ঘুরি। একটা জিনিস যেটা সবসময় চোখে পড়ে যে অনেক মায়েরা তাদের নবজাতক শিশুদের স্তন্যপান করানোর কোনো জায়গা খুঁজে পান না। এমনকি বসারও কোনো জায়গা পান না। তখন না পারতে ভিড়ের মাঝে দাড়িয়েই স্তন্যপান করান। জিনিসটি দেখে খুব খারাপ লাগে। এটা ভেবেই আমাদের এই বিশ্রামাগার এবং স্তন্যপানের কক্ষ এর কথা মাথায় এসেছে এবং আমরা এটির ব্যবস্থা করেছি। আমরা এখানে বয়স্ক ও চাহিদা সম্পন্ন মানুষের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছি। তাদের জন্য জল ও চা এর ব্যবস্থাও রয়েছে”।
অন্যদিকে, জামাকাপড়, আসবাবপত্র, জুতো, ঘরবাড়ির জিনিসপত্র, খাওয়ার জিনিস, ফুলের দোকান সহ প্রায় ৩০০ এর বেশী দোকানপাট শহরবাসীকে এক্সপো এর ভেতর আকর্ষিত করছে। ১০ দিনের এই অনুষ্ঠান ও উৎসব গত ২৯শে ডিসেম্বর ২০১৯ এ শুরু হয়েছিল এবং ৭ই জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে।

Leave a Reply

error: Content is protected !!