কস্তুরী ভৌমিক, দ্য ফোর্থ কলাম, ২৬ডিসেম্বর’১৯:-

দেশের বর্তমান স্থিতি যতই সংবেদনশীল হোক না কেন, দেশবাসীর ঐক্য যতই বিঘ্নিত হোক না কেন, আলিপুরদুয়ার শহরের বুকে আয়োজিত বিশ্ব ডুয়ার্স উৎসব সব মানুষের মিলন স্থল হয়েই বিরাজমান করবে ; এমনটাই মনে করছেন ডুয়ার্স উৎসবের সম্পাদক বিধায়ক সৌরভ চক্রবর্তী ।
ষোড়শ বিশ্ব ডুয়ার্স উৎসবের প্রাক্কালে তিনি বলেন ” বিশ্ব ডুয়ার্স উৎসবের মাঠটা, আপনারা জানেন, জাতি জনজাতির সাংস্কৃতিক বৈচিত্রের মধ্যে তাদের ঐক্যের, মেলবন্ধনের মাঠ ।” দেশের বর্তমান উত্তাল রাজনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশ্ব ডুয়ার্স উৎসবের আঙ্গিকে এবার আমরা এই যে জনজাতির মেলবন্ধন, সাংস্কৃতিক বৈচিত্রের মধ্যে ঐক্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেশে এবং সে দেশের একটি ক্ষুদ্র সংস্করন যে এই ডুয়ার্স সেটাই আমরা মূলত তুলে ধরতে চাই ।” যদিও তিনি বলেছেন এই উৎসব কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, তবু বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে এসে ডুয়ার্স উৎসবের আঙ্গিক তুলে ধরতে গিয়ে তার বক্তব্যে অধুনা মহা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের ‘কূটকচালী’ চলে এসেছে
স্বাভাবিক পথেই ।
তিনি আরও জানান, ইতিমধ্যেই মুখ্যমন্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের জন্য উৎসাহ জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ।
সৌরভ জানান, বর্নাঢ্য এই উৎসবের উদ্বোধন হবে আগামী ২৯শে ডিসেম্বর যেখানে উপস্থিত থাকবেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা সহ শ্রমমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটক, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন মন্ত্রী সহ প্রমুখ বিশেষ অতিথি।
এইবারের মূলমঞ্চ নামকরন করা হয়েছে প্রাক্তন মন্ত্রী ও ডুয়ার্স উৎসবের প্রাক্তন সহ-সভাপতি শ্রী অনিল অধিকারির নামানুসারে ।
জানা গেছে, অনুষ্ঠানের অন্তিম দিন অর্থাৎ ৭ই জানুয়ারি উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী অরূপ রায় । সেইদিন তিনি ‘হোমস্টে টুরিজম কোঅপারেটিভ’ সমবায়, যা দীর্ঘ প্রয়াসের ফসল, তার সূচনার আনুষ্ঠানিক ঘোষনা করবেন বলে জানিয়েছেন ড. চক্রবর্তী । এইদিন ডুয়ার্স রত্ন, ডুয়ার্স সম্মান, ডুয়ার্স ভূষন ইত্যাদি সম্মানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হবে ।
তিনি আরও জানান, যে এই প্রথমবার ডুয়ার্স উৎসবে অন্য দেশ থেকেও প্রতিনিধিত্ব থাকছে । থাকছে শিশু শিল্পী সহ ৪০০০ স্থানীয় ও বহিরাগত শিল্পী । থাকছে এক্সপো এবং ৭০০ স্টল । রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিত্ব থাকছে এই উৎসবে ।
ষোড়শ বিশ্ব ডুয়ার্স উৎসবকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলকে উৎসবে প্রাঙ্গনে আমন্ত্রন জানান শ্রীচক্রবর্তী ।
