আলাদা স্টলে তাদের হস্তশিল্প : মূলমঞ্চেও থাকছে সাজাপ্রাপ্ত বন্দীদের রবীন্দ্রগানের অনুষ্ঠান : অভিনব উদ্যোগ ডুয়ার্স উৎসবে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,৩০ ডিসেম্বর’১৯ :-

আগামী ৫ জানুয়ারি নয়া চমক নিয়ে হাজির থাকতে চলেছে জেলা আলিপুরদুয়ারের এবছরের ডুয়ার্স উৎসব । উৎসবের মূল মঞ্চে সেদিন রবীন্দ্র সংগীত পরিবেশন করতে চলেছেন আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীরা । এবং এই চমক যে দিতে চলেছে এবারের ডুয়ার্স উৎসব , তার ঝলক দেখা গেছে প্রথম দিন থেকেই । রীতিমত আলাদা স্টল সাজিয়ে আলিপুরদুয়ার জেলা সংশোধনাগার এর তরফ থেকে সংশোধনাগারের আবাসিকদের নিপুণ হস্তশিল্প তুলে ধরা হয়েছে ডুয়ার্স উৎসবে। ভিআইপি গেটের ঠিক ডানদিকে একটি স্টল বানিয়ে তুলে ধরা হয়েছে আবাসিকদের হাতে তৈরি বাঁশের হস্তশিল্প। রবিবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই স্টলের উদ্বোধন করেন।
জেলে বন্দী থেকেও যে সৃষ্টিশীল কাজ করা যায় তারই প্রমাণ ডুয়ার্স এর এই স্টলটি। আলিপুরদুয়ার রেডক্রস সোসাইটির সচিব স্বপন আচার্য ভাদুরি বলেন, “খুব কাছ থেকে যদি বাঁশের তৈরী এই হস্তশিল্প গুলো পর্যবেক্ষন করা যায় তাহলেই বোঝা যাবে ওদের হাতের কাজ কতটা নিখুঁত”।
আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, “জন্ম থেকেই কেউ অপরাধী হয়ে ওঠে না। আমরা সবসময় চেষ্টা করি যাতে তাদের সংশোধন করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়”।
আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তীর কথায়, “আমি তাদের হাতের কাজে অভিভূত। ১৫ জন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দির ৪২ রকমের হাতের কাজ প্রথমবার স্থান পেয়েছে ডুয়ার্স এর স্টলে।
তবে জেল বন্দী দের এমন সৃষ্টিশীল কাজ অতীতেও বেশ কিছু স্থানে উঠে এসেছে। জলপাইগুড়ি, কোচবিহারে অতীতে জেল আবাসিকরা মঞ্চে নাটক মঞ্চস্থ করেছে এবং জনপ্রিয় হয়েছে সেই নাটক।
এর পাশাপাশি আরও একটি অভিনব ঘটনা ঘটতে চলেছে ডুয়ার্স উৎসবে। জানা গেছে, আগামী ৫ই জানুয়ারি ২০২০ ডুয়ার্স এর মূল মঞ্চে রবীন্দ্র সংগীত পরিবেশন করতে চলেছে আলিপুরদুয়ার সংশোধনাগারের ৩ জন সাজাপ্রাপ্ত আসামী। গত ৬ মাস ধরে সংশোধনাগারেই সংগীত চর্চা করছেন তারা। ব্যাপারটি অভিনব হলেও ডুয়ার্স এর ঝাঁ চকচকে মূল মঞ্চে সাজাপ্রাপ্ত আসামীদের এরকম সংগীত পরিবেশন নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই ।

Leave a Reply

error: Content is protected !!