নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

পুজোর মুখেও পিছু ছাড়ছে না মারণঘাতী ডেঙ্গি । ডেঙ্গির গ্রাসে শনিবার মারা গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, মালদহের গাজোলে। সূত্রের খবর, সুরেন সরকার নামে এক ব্যক্তি গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন। প্রথম অবস্থায় রাতের দিকে জ্বর ফিরে ফিরে আসত ওই ব্যক্তির। সেই সময় এলাকার এক দোকান থেকে কেনা ওষুধ খেয়েই সুস্থ হওয়ার চেষ্টা চালান উনি। পরিবর্তে অসুস্থতা আরও বেড়ে যায়, পরিবারের লোকজনেরা প্রথমে এলাকারই এক বেসরকারি হাসপাতালে ভরতি করেন।
সূত্রের খবর, পরে ১২ সেপ্টেম্বর মালদহের অন্য একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাকে। তবে তাতেও শেষরক্ষা হয়নি, মারা যান তিনি। নিহতের পরিবারের দাবি, ডেঙ্গির উপস্থিতির প্রমাণ মিলেছিল তার রক্তপরীক্ষাতে। যদিও জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ডেঙ্গির কারনে মৃত্যুর কথা মানতে নারাজ । তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক।