নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ নভেম্বর’১৯ :-

বন্ধ বাগান । নিদারুণ অর্থাভাব । ফলে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন এক চা শ্রমিক । ঘটনায় শোরগোল পড়েছে ডুয়ার্সের চা বলয়ে ।
ডুয়ার্সে চা বাগান বন্ধের ঘটনা নতুন কিছু নয়। বাগান বন্ধের ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ে বাগানের শ্রমিকরা। এবারে অর্থের অভাবে বিনা চিকিৎসায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল এক বন্ধ চা বাগানে। জানা গেছে, বিগত প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ ডুয়ার্সের কালচিনি ব্লকের বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত রায়মাটাং চা বাগান। বাগান বন্ধ হবার পর যথারীতি নিদারুণ সমস্যায় দিনযাপন করছে শ্রমিকরা। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে শ্রমিকদের, সেই অবস্থায় গোদের ওপর বিষফোড়া অসুখবিসুখ। কেউ অসুস্থ হলে চিকিৎসা করার মত অর্থ নেই সেইসব শ্রমিকদের, ফলে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢোলে পড়ছে বাগানের শ্রমিকরা। গতকাল বাগানের শ্রমিক কিশান লোহার (৪৯) এর মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরা জানান, গত ২২নভেম্বর অসুস্থ অবস্থায় কিশান কে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা জন্য। সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আলিপুরদুয়ার নিয়ে যাওয়ার মত অর্থ ছিলনা তার পরিবারের। তাই পুনরায় কিশানকে ঘরে নিয়ে আসা হয় এবং ঘরে চিকিৎসার অভাবে মৃত্যু হয় কিশানের। পরিবারের সদস্যরা আরো জানান, যেখানে দুবেলা দুমুঠো খাওয়ার জুটছে না বাগান বন্ধ হবার পর সেখানে চিকিৎসা করানোর জন্য অর্থ কোথা থেকে পাবো।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড-লাইনে ক্লিক করুন ,,,,
ভিডিও বার্তা : বন্ধ বাগানে অর্থাভাবে চিকিৎসাহীন মৃত চা শ্রমিক
এই বিষয়ে রায়মাটাং বাগানের হাসপাতালের কর্মী কমল কুজুর জানান যে, কিশান লোহারকে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে তাকে লতাবাড়ি পাঠানো হয় এবং সেখান থেকে আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয় কিন্ত অর্থের অভাবে তারা নিয়ে যেতে পারেনা । তিনি জানান শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। বাগান বন্ধ হবার পর শ্রমিকদের খাওয়ার টাকা নেই সেখানে চিকিৎসা হবে কোন পথে !