নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১নভেম্বর’১৯:-

ফের গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের ১ নং ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে বাবলু মিঞা ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে ২টি গরু নিয়ে যাচ্ছিলেন। এরপরই স্থানীয়রা তাদের আটক করে, সন্দেহের মুখে পড়েন তারা। তারপর তাদের উপর বেধড়ক মারধর সহ তাদের গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠে। ঘটনায় জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়লে সেখানে ছুটে এসে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ, দুই ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ভর্তি করানোর কিছুক্ষণ পরই হাসপাতালে মৃত্যু হয় দুই ব্যক্তির।
কয়েকমাস আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল। মনে করা হয়েছিল বিল পাশের পর পারিপার্শ্বিক পরিস্থিতির বদল ঘটবে।কিন্তু বিল পাশের পরও কার্যত একই রয়েছে ছবিটা। ঘটনা প্রসঙ্গে কোচবিহারের এসপি সন্তোষ নিলাম্বকর বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরু চোর সন্দেহেই মাথাভাঙার বাসিন্দা ওই দুই যুবককে মারধর করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।