নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ অক্টোবর’১৯:-

কালীপুজোর মুখে বন্ধ হয়ে গেল দুটি চাবাগান। ঘটনাটি ঘটেছে, কালচিনি ব্লকের কালচিনি ও রায়মাটাং চা বাগান। অন্যদিকে মাদারিহাট ব্লকের ডানকান গোষ্ঠীর বীরপাড়া চাবাগান। সূত্রের খবর, গত ৪ঠা অক্টোবর বাগানের ম্যানেজার বাগান ছেড়ে চলে যায়। ফলে ওই চা বাগানটি তিন সপ্তাহ ধরে একপ্রকার অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া থাকায় ডানকানসের বীরপাড়া চা-বাগানে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ চরমে ওঠে মাসখানেকের খানেক আগে। শ্রমিক-কর্মচারীদের সাফ কথা পাওনা গন্ডা বুঝিয়ে না দিলে বাগান কর্তৃপক্ষকে চা বাগানে ঢুকতে দেবেন না। কাঁচা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়েছেন চা শ্রমিকরা। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন রায় বলেন, বীরপাড়া চা-বাগানে দুমাস ধরে বেতন-বোনাস মেলেনি। বিষয়টি নিয়ে পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছে, জেলাশাসকের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে দীর্ঘ সময় পথ অবরোধের পর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের শ্রমিক-কর্মচারীরা। ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। বীরপাড়া চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের স্বার্থে দলমতের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান তিনি। মোহনবাবুর বক্তব্য, চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের স্বার্থে বর্তমান জেলাশাসকের কাছে রেশন ও সরকারি সাহায্যের জন্যে অনুরোধ জানাবেন তিনি ।