নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ অক্টোবর’১৯:-

অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ করলো তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতি। বুধবার রাতে মাইকিং করে তা জানিয়ে দেবার পর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ব্যবসা বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, চিলাখানা ও তুফানগঞ্জে রাজনৈতিক কারণে সৃষ্ট সমস্যার কারণে সাধারণ ব্যবসায়ীদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ, বলে ব্যবসায়ীদের দাবি। তাই সমস্ত ব্যবসায়ী এর প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখেছেন। যার জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ। দোকানপাট বন্ধের জেরে গাড়ি চলাচল কমেছে অনেকটা। অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সূত্রের খবর, কোচবিহার-তুফানগঞ্জ, কোচবিহার-বক্সিরহাট, কোচবিহার- রামপুর, তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রুটে গাড়ির সংখ্যা খুব কম বললেই চলে। ব্যবসায়ী সমিতির সূত্রে খবর, তুফানগঞ্জ মহকুমার সব এলাকা যেমন, চিলাখানা, মারুগঞ্জ, দেওচড়াই, বক্সিরহাট, ধলপল, হরিরহাট, নাটাবাড়ি, নতুন বাজার, বলরামপুর চৌপথি, নাগুরহাট সহ মহকুমার অধিকাংশ এলাকাতে ব্যবসা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্যদের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত থমথমে গোটা তুফানগঞ্জ মহকুমা।