নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০অক্টোবর’১৯:-

দুষ্কৃতীর হাতে, ব্যবসায়ীকে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায়। সূত্রের খবর, রবিবার সকাল আটটা নাগাদ একদল দুষ্কৃতী, প্রকাশ আগারওয়াল নামে এক ব্যবসায়ীকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি করে। গুলির আওয়াজে ঘটনাস্থলে ভিড় জমায়েত হয়। খবর দেওয়া হয় পুলিশকে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ব্যক্তিটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রকাশ আগারওয়াল নামে ব্যবসায়ীর বুকের ডান দিকে গুলি লেগেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে যান অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং সহ একাধিক পুলিশ কর্তা। উত্তর দিনাজপুর জেলায় এভাবে একের পর এক দুষ্কৃতী হামলায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যেও। জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ঘটনার তদন্তের স্বার্থে সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।