নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ জানুয়ারি’২০২০ :-

উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বুধবার দুপুরে ফালাকাটার রেলওয়ে ময়দান থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্য এক অভিনন্দন যাত্রার আয়োজন করে জেলা বিজেপির কর্মীরা। এই অভিনন্দন যাত্রায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশিথ প্রামানিক, আলিপুরদুয়ার সাংসদ জন বারলা সহ আলিপুরদুয়ারের দলীয় জেলা নেতৃত্ব। দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা ঘিরে জন সুমদ্রের রূপ নিল গোটা ফালাকাটা শহর। অভিনন্দন যাত্রায় কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিত লক্ষ্য করা যায়। অভিনন্দন যাত্রাটি গোটা ফালাকাটার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটা চৌপথিতে পথ সভা করে। অভিনন্দন যাত্রার প্রধান বক্তা দিলীপ ঘোষ বলেন, “সিএএ এখন সংবিধান বিল হয়ে গেছে । আমার নামে প্রতিটি জায়গায় কেস দিচ্ছে, আমাকে জামিন নিতে হচ্ছে । দিদি তো আর কিছু দিতে পারবেনা”।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিজেপির জোর দেখতে আসছেন। কিন্তু আজকের এই মিছিল দেখার পর মুখ্যমন্ত্রীর আর উত্তরবঙ্গে আসার ইচ্ছে হবে না”।
সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “বাংলায় সরকার গড়ার এক মাসের মধ্যে ফালাকাটা কে পুরসভা করা হবে কথা দিয়ে গেলাম”।
উল্লেখ্য, সামনেই ফালাকাটা উপনির্বাচন, আর এই ফালাকাটা উপনির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়ছে বিজেপি।