কুমারগঞ্জের ছাত্রী ধর্ষণ-খুন-মৃতদেহ জ্বালিয়ে দেওয়া কাণ্ডে গ্রেফতার ৩ : ১০ দিনের পুলিশি হেফাজত |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ জানুয়ারী’২০২০:–

কুমারগঞ্জে ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ । সামনে এলো গণধর্ষণ, খুন এবং মোটর বাইকের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা । নৃশংস এই ঘটনায় মঙ্গলবার দিনভর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্কুলের ছাত্রছাত্রীরা । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহাবুর মিয়াঁ, গৌতম বর্মন এবং পঙ্কজ বর্মন । মৃতছাত্রীর প্রতিবেশী তথা এই ঘটনার মূল আসামী মহাবুর মিয়াঁ গঙ্গারামপুর থানার উদয় পঞ্চায়েতের পঞ্চগ্রামের বাসিন্দা । গৌতম ও পঙ্কজ যথাক্রমে তপন ব্লকের রামপুরের কৃষ্ণবাটি এবং মুশাপাড়ার বাসিন্দা । সোমবার রাতে প্রত্যেককে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । মঙ্গলবার ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ (376D), খুন (302) এবং প্রমাণ লোপাটের (201) ধারায় মামলা রুজু করে বালুরঘাট জেলা আদালতে পাঠায় পুলিশ । ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানালেও বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
নৃশংস ভাবে ছাত্রী খুনের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর জেলা । ফুলবাড়িতে জাতীয় সড়কে বিক্ষোভ অবরোধ করে অভিযুক্তদের ফাঁসির সাজার দাবী করেন সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও । প্রতিবাদে সরব হন বিভিন্ন রাজনৈতিক দলগুলিও । ধৃতদের পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রকৃত ঘটনা । জানাগিয়েছে, রবিবার দুপুরে মহাবুর তাঁর দুই বন্ধুকে নিয়ে দুটি মোটর বাইক করে ওই ছাত্রীকে কুমারগঞ্জে নিয়ে যায় । রাতে অশোকগ্রাম এলাকায় জলসা দেখার পর ফাঁকা মাঠে বেলখোর পাকুরতলা এলাকায় একটি খড়ের পালার ভেতর প্রথমে মহাবুর ও পঙ্কজ গণধর্ষণ করে ওই স্কুল ছাত্রীকে । ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সেই অবস্থাতেই তাঁকে পুনরায় ধর্ষণ করে অপর অভিযুক্ত গৌতম । যার পরেই নিজের কাছে থাকা ছুরি দিয়ে মহাবুর ছাত্রীর পেটে ঢুকিয়ে দেয় । এবং পরবর্তীতে কালভার্টের কাছে নিয়ে গিয়ে শ্বাসনালী কেটে তাঁকে খুন করে মহাবুর । শেষে প্রমাণ লোপাট করতে মোটর বাইক থেকে পেট্রোল বের করে কালভার্টের হিউম পাইপের নীচে মৃতদেহ নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় । যারপর এলাকা থেকে পালিয়ে বাড়ি চলে যায় অভিযুক্তরা । পুলিশের কাছে এই সমস্ত ঘটনা স্বীকার করে কান্নায় ভেঙ্গে পড়ে গৌতম ।
এদিন অভিযুক্তদের ফাঁসির সাজার দাবী করেছেন ছাত্রীর মা । তিনি জানিয়েছেন, তাঁর নিষ্পাপ মেয়েকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে । পুলিশ প্রশাসন এই ঘটনার উপযুক্ত শাস্তির দাবী করেছেন ।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে । আগামী সাত দিনের মধ্যে চার্চশিট পেশ করা হবে ।

Leave a Reply

error: Content is protected !!