প্রাথমিক স্কুলের পড়ুয়াদের লাঞ্চে চিকেন-পোলাও-চাটনি-গোলাপজাম : ভ্যালেন্টাইন দিবসে সরস্বতী পূজা ‘সেলিব্রেশন’ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ফেব্রুয়ারি’২০২০ :-

পাতলা করে কম ঝাল দেওয়া মুরগীর মাংস , ঈষৎ হলদে সুগন্ধে ভরপুর পোলাও , খেঁজুর-টম্যাটো-কাজুকিসমিস সহযোগে চাটনি এবং শেষ পাতে ইয়াব্বড় গোলাপজামুন । না ! কোনো বিয়ে-অন্নপ্রাশন-জন্মদিনের মেনু নয় । এই সুখাদ্য পরিবেশন কেবল মাত্র এক প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের জন্য । আলিপুরদুয়ারের এক প্রাইমারী বিদ্যালয়ের প্রায় শতাধিক পড়ুয়া শুক্রবার চেটেপুটে খেয়েছে এই পোলাও-মাংস । তবে এই আয়োজন মিড ডে মিলের নয় , ভ্যালেন্টাইন দিবস হলেও এই সাড়ম্বরে রসনাতৃপ্তির সৌজন্য সরস্বতী পূজা । পুজো শেষ হয়েছে যথাসময়ে ধুমধাম করেই , শুক্রবার তার সেলিব্রেশনেই আয়োজন এই ভোজন অনুষ্ঠানের । জেলা সদর শহরের পুর এলাকার পনের নম্বর ওয়ার্ডের ‘বাগুড়িবাড়ি জি এস এফ পি স্কুলে’ , স্কুলের শিশু-বালক-বালিকাদের সামান্য খুশি দিতে ভ্যালেন্টাইন দিবসের এই পরিপূর্ণ ‘লাঞ্চ’ আপাতত আলোচনার বিষয়বস্তু এলাকাবাসীর কাছে ।

হঠাৎ কেন এই আয়োজন ? খানিক হেসে উত্তর এড়িয়ে গেছেন স্কুলের শিক্ষক রথীন ভাওয়াল-অলিভিয়া নিয়োগী প্রমুখরা । তবে , সূত্রের খবর , মিড ডে মিল সারাবছর কষ্টে সৃষ্টে সামান্য পুষ্টির যোগান দিলেও , শিশুদের মুখে একটু প্রাচুর্যের সুখাদ্য তুলে দিতে মন চায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকার । কিন্তু সাধ থাকলেও বাধ মানে সাধ্য । এই স্কুলের শিক্ষা কর্মীরাও তার বাইরে নন । কাজেই উপলক্ষ্য হয়ে উঠেছে সবেধননীলমনি সরস্বতী পূজা । পূজা কেটেছে নিয়ম মেনেই । এবং তারপরেই এই আয়োজনে উঠে পড়ে লেগেছেন তারা । এবং বলাই বাহুল্য , নিজেদের পকেট থেকেই এই ‘সেলিব্রেশন ‘ এর আয়োজন । দিন বেছে নিয়েছেন সন্ত ভ্যালেন্টাইনের জন্মদিবসকেই । চাঁদা তুলে এই মেনুর ব্যবস্থাপনা , সার্থক হয়ে যায় শিশুদের উজ্জ্বল হাসিমুখ দেখে । পাওনা বলতে এইটুকুই , খানিক উচ্ছাস নিয়েই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই স্কুলেরই এক শিক্ষক ।

Leave a Reply

error: Content is protected !!