নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি’২০২০ :-

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ, আলিপুরদুয়ারবাসীও এর ব্যতিক্রম নয়। ডুয়ার্স উৎসব শেষ হতে না হতেই শুরু হয়েছিল বইমেলা। এবার বইমেলা চলাকালীন শুরু হয়েছে ৪ দিনের অঙ্কন প্রদর্শনী। গত ১১ই জানুয়ারি ২০২০ থেকে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের বিপরীতে শুরু হয়েছে ৪ দিনের অঙ্কন প্রদর্শনী, যা ১৪ই জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে। আলিপুরদুয়ার কনটেম্পোরারি ক্রিয়েটর সার্কেল দ্বারা আয়োজিত এই অঙ্কন প্রদর্শনীতে রয়েছে জল রং, তেল রং, এক্রাইলিক, মিক্স মিডিয়া এবং কাঠের ওপর অঙ্কন চিত্র। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই অঙ্কন প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন জয়দ্বীপ আচার্য, কৌশিক বিশ্বাস, প্রবীর রায়, অনীক রায়, সংগ্ৰাম দাস, পলাশ সরকার সহ আরও অনেকেই। কনটেম্পোরারি ক্রিয়েটর সার্কেল এর পক্ষ থেকে জয়দ্বীপ আচার্য বলেন, “আমরা গত ৪ বছর থেকে এই অঙ্কন প্রদর্শনীটি করছি। এটি শুরু করার নির্দিষ্ট কোনো কারন নেই, ভালো লাগার জন্য এটি আমরা করি। আমরা প্রতিবছর জানুয়ারি মাসের ১১ তারিখ এটি শুরু করার চেষ্টা করি। এবছরও জানুয়ারির ১১ তারিখ এটি শুরু করেছি এবং ৪ দিন যাবৎ এটি চলছে। এখানে আমাদের নবীন ও প্রবীন সকল সদস্যের অঙ্কনচিত্র তুলে ধরা হয়েছে”।
