নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

আলিপুরদুয়ারের অঙ্কন প্রেমীদের জন্য সুখবর, একের পর এক অঙ্কন প্রদর্শনী হচ্ছে আলিপুরদুয়ারে। এরকমই এক অঙ্কন প্রদর্শনীর আয়োজন করল আলিপুরদুয়ারের আর্ট ক্লাব। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের বিপরীতে ২৮শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত হওয়া অঙ্কন প্রদর্শনীতে আলিপুরদুয়ার আর্ট ক্লাব এর সদস্য ছাড়াও অনেক বাইরের মানুষের অঙ্কন চিত্র দেখা গেল। অঙ্কন প্রদর্শনীতে মোট ৫০ জনের শিল্পীর অঙ্কন চিত্র দেখা গেল। এছাড়াও, আলিপুরদুয়ার আর্ট ক্লাব এর কাছে সঞ্চিত থাকা তাইওয়ানের এক আন্তর্জাতিক শিল্পী ও ভুবনেশ্বর এর এক শিল্পীর অঙ্কন চিত্র দেখা গেল এই প্রদর্শনীতে। আলিপুরদুয়ার আর্ট ক্লাব এর জয়েন্ট সেক্রেটারি নীলাদ্রি ঘোষ জানান, “এটি আমাদের তৃতীয় বর্ষ। বিভিন্ন শিল্পীদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে আমাদের আর্ট ক্লাবের সদস্য ছাড়াও কোচবিহার, তুফানগঞ্জ, বারোবিষা, মাথাভাঙা ও শামুকতলার শিল্পীদের অঙ্কন চিত্রও রাখা হয়েছে। প্রতিটি শিল্পীর জন্য থাকবে পুরস্কার ও সার্টিফিকেট।”