নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’২০২০ :-

আলিপুরদুয়ার আদালতে অভিযুক্ত বিপ্লব ।
অবশেষে পর্দা পড়ল অরবিন্দ নগর হত্যাকাণ্ডে । আদালতে আত্ম সমর্পণ করলেন বাপি পন্ডিত খুনে অভিযুক্ত হত্যাকারী বিপ্লব বসাক । পুলিশ তাকে তদন্তের জন্য হেফাজতে নিয়েছে ।
সূত্রের খবর, সোমবার সকালে আলিপুরদুয়ার আদালতে আত্ম সমর্পণ করেন বিপ্লব । আদালত তাকে দশ দিনের পুলিশী হেফাজতে পাঠিয়েছে । এ ব্যাপারে আলিপুরদুয়ারের নব নিযুক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন , অভিযুক্তকে আমরা হেফাজতে নিয়েছি । খুনের ঘটনার কার্যকারণ ধীরে ধীরে সামনে আসবে ।
প্রসঙ্গত , তেইশে জানুয়ারির রাতে নিজের বাড়িতে ডেকে নিয়ে সোজা বুকে গুলি করে পূর্ব ভোলার ডাবরীর বছর পঁচিশের যুবক বাপি পন্ডিতকে খুন করে অভিযুক্ত । ঘটনার পিছনে জমি নিয়ে শরিকি বিবাদ প্রাথমিক ভাবে উঠে এসেছে । এর পরেই ফেরার হয় অভিযুক্ত । তার সঙ্গে জড়িয়ে উঠে আসে জেলা বিজেপির নাম । সাংসদ জিন বারলার সঙ্গে অভিযুক্তের হাসিমুখ ছবি ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায় । পরবর্তীতে তৃণমূল বিধায়ক থেকে স্থানীয় বাসিন্দাদের মোমবাতি মিছিল চাপে রাখে আলিপুরদুয়ার পুলিশকে । এদিন বিপ্লব ধরা দেওয়ায় কার্যত হাঁপ ছেড়ে বাঁচল পুলিশ ।