প্রতীকী জরিমানা ১ টাকা : দিতে রাজী নয় স্কুল : কার্যত রণে ভঙ্গ দিল তামাক বিরোধী অভিযানকারী প্রশাসনিক টিম |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩ডিসেম্বর’১৯ :-

একদিকে একটি স্বনামধন্য স্কুল এবং তার ইনচার্জ । অন্যদিকে প্রশাসনিক তামাক বিরোধী অভিযানকারী দল । তামাক সেবন নিয়ে জরিমানা এবং সে নিয়ে দড়ি টানাটানি । বাদানুবাদ গড়ালো শহর জুড়ে । মধ্যস্ততা করতে এগিয়ে আসতে হলো নাগরিক সমাজকে । জানা গেছে, মঙ্গলবার , তামাক বিরোধী অভিযানে নেমে এই স্কুলে অভিযানে গিয়ে সন্তুষ্ট না হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাতজোড় করে জরিমানার অর্থ মাত্র ১ টাকা ধার্য করেছিলেন তামাক বিরোধী অভিযান কারী দলের প্রশাসনিক প্রতিনিধিরা । গোটা জেলায় দৃষ্টান্ত স্থাপন করতেই প্রতীকী এই ১ টাকা জরিমানা করা হচ্ছে বলেও প্রায় আবেদন নিবেদন করেছিলেন তারা । কিন্তু সে আবেদনে কর্ণপাত না করে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন । এমনকি অভিযোগ, স্টুডেন্টদের অভিভাবকদের ক্ষেপিয়ে কার্যত ঘেরাও এর পরিস্থিতি তৈরী করা হয় স্কুল চত্বরে । এবং শেষ অবধি জরিমানা ( পড়ুন ১ টাকা জরিমানা) আদায় না করেই ফিরে আসতে বাধ্য হন অভিযান কারী দলের প্রতিনিধিরা । তাদের অভিযোগ , স্কুলের তরফে সহযোগিতা প্রত্যাশিত ছিল , কিন্তু তার বদলে দুর্ব্যবহার ছাড়া কিছুই পাওয়া যায় নি । অপরদিকে , স্কুলের অভিযোগ , একটি স্টিকার থাকা সত্বেও জরিমানা করা হয়েছে । পরীক্ষার মধ্যে এভাবে হুট করে পুলিশ নিয়ে বিনা অনুমতিতে ঢোকা হয়েছে । প্রশাসনের বিরুদ্ধে এভাবেই আঙ্গুল তুলেছে সংশ্লিষ্ট স্কুল । মঙ্গলবার , আলিপুরদুয়ার জেলা শহরের এক স্কুলে তামাক বিরোধী অভিযানে গিয়ে একদিকে যেমন তিক্ত অভিজ্ঞতার কথা সামনে এনেছেন তামাক বিরোধী অভিযান দল । অন্যদিকে , প্রশাসন গা জোয়ারী করেছে বলে পাল্টা অভিযোগ স্কুলের । এবং স্বাভাবিক ভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে ।

সূত্রের খবর , কোটপা আইনে তামাক বিরোধি অভিযানে নেমে জেলাসদরের একটি বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ল ডিস্টিক লেভেল কোটপা এনফোর্সমেন্ট স্কোয়াডের সদস্যরা।উল্লেখ্য,জেলার স্বাস্থ্য দফতর,শিক্ষা দফতর,সিডিপিও,পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জেলাশাসকের তৈরী করে এই কমিটির সদস্যরা জেলার বিভিন্ন মঙ্গলবার দুপুরে অভিযানে নেমে প্রথমেই চলে যান আলিপুরদুয়ার জংশনের দুটি বিদ্যালয়ে। ‘কোটপা’-র প্রচার পোষ্টার বিদ্যালয়ে না থাকায় তাদের ২০০টাকা জরিমানা করে টিমের সদস্যরা। এরপরেই দুপুর ২টা নাগাদ জেলাসদরের অন্যতম একটি বিদ্যালয়ে আসে গোটা টিম। সোজা চলে যান বিদ্যালয়ের টিচার কমন রুমে।তবে টিমের প্রতিনিধিরা গত আগষ্ট মাসে স্কুল পরিদর্শকের তরফে দেওয়া কোটপা আইনের কোন প্রচারপত্র বিদ্যালয়ে দেখতে না পেয়ে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ন গোস্বামি বিদ্যালয়কে ২০০টাকা জরিমানা অর্থ ধার্য্য করেন। পরবর্তীতে দুশ টাকার বদলে টোকেন ফাইন ১ টাকা ধার্য করেন । কিন্তু তাও দিতে নারাজ ছিলেন স্কুল কর্তৃপক্ষ । এরপরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপস্থিত শিক্ষকদের একাংশ গোটা টিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা কোনভাবেই জরিমানার অর্থ দিতে রাজি হননি।

এবং এরপরেই শুরু হয় গোলযোগ । অভিযোগ , অভিযানকারী দলের চারটি গাড়ির মধ্যে , একটি গাড়ি স্কুল চত্বর থেকে বের হওয়ার সময় বাধা দেওয়া হয় । শেষ পর্যন্ত জরিমানার অর্থ আদায় করতে না পেরে কার্যত রণে ভঙ্গ দেন কোটপা টিমের সদস্যরা । এবং শহরের জনকয়েক বিশিষ্ট জনের মধ্যস্ততায় বাদানুবাদ শেষ হয় , ফিরে আসে তামাক বিরোধী অভিযান কারী দল ।
এ ব্যাপারে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান , আমরা স্কুলে কোনো স্টিকার দেখতে পাই নি । সিগারেটে র টুকরো ,গুটখার প্যাকেট পড়ে থাকতে দেখেছি । প্রথমে দুশ টাকা জরিমানা করলেও , জেলায় দৃষ্টান্ত স্থাপন করবার জন্য প্রতীকী জরিমানা মাত্র ১ টাকা দিতে বলেছিলাম । অনুরোধ করেছিলাম । কিন্তু সেটাও দেন নি । স্কুলের প্রধান শিক্ষক জরিমানা দেওয়া নিয়ে কিছু সময় চেয়েছেন । আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি ।

অন্যদিকে , প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট স্কুলের হেড ইনচার্জ সুধাংশু বিশ্বাস । তার অভিযোগ , স্কুলে পরীক্ষা চলছিল । এর মধ্যে গাড়ি নিয়ে স্কুলে ঢুকেছেন ওরা । সঙ্গে পুলিশ ছিল । খাকী পোশাক দেখলে ছাত্ররা ভয় পায় । সে কারণে অভিভাবক রা ওনাদের ঘেরাও করে কেন এভাবে স্কুলে এসেছেন সে কথা জানতে চেয়েছে । আর স্টিকার আগস্ট মাসে লাগিয়েছিলাম । ছাত্ররা ছিঁড়ে ফেলেছে । তার জন্য আমরা দায়ী নই । ফাইন কেন দেব ? এছাড়াও একটি স্থানে স্টিকার লাগানো ছিল । ওনারা দেখতে চান নি । প্রশাসন যা করল ,এটা ঠিক করল না , স্পষ্ট জানিয়েছেন সুধাংশু বাবু ।

Leave a Reply

error: Content is protected !!