নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩অক্টোবর’১৯:-

৫০ বছর পূর্তি উপলক্ষে এসএফআই এর তরফ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে, রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এসএফআই এর সদস্যরা এক প্রস্তুতি সভায় মিলিত হয়। সূত্রের খবর, ফেসবুক ও হোয়াটসআপকে কাজে লাগিয়েই আজ এই সভা ডাকা হয় । সভায় এসএফআই এর তরফ থেকে কিছু বিশেষ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । আগামীর কর্মসূচিতে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্ট করা, সংহতি র্যালি থেকে শুরু করে এসএফআই প্রাক্তনী সদস্যদের পুনর্মিলন কর্মসূচী থাকছে বলে জানা গিয়েছে। এছাড়াও ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক পত্রিকা প্রকাশ করা হবে এবং সেখানে বিগত ৫০ বছরের আলিপুরদুয়ার জেলার ছাত্র আন্দোলনের ও এসএফআই এর ইতিহাস তুলে ধরা হবে , জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষে প্রসেনজিৎ দে । পাশাপাশি, ২৭ অক্টোবর বৃহত্তর আকারে প্রাক্তনীদের নিয়ে কর্মসূচির সিদ্ধান্তকে নিশ্চিত করতে আবার সভা ডাকা হবে বলে জানা গিয়েছে।