নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ অক্টোবর’১৯:-

শারদীয় শুভেচ্ছাকে পাথেয় করে বিজয়া সম্মিলনী উদযাপনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো ডুয়ার্সের অসম বাংলা সীমানা লাগোয়া কুমারগ্রাম-শামুকতলার আট গুণীজনকে। সৌজন্যে ‘কুমারগ্রাম শামুকতলা প্রেস ক্লাব’। বুধবার এই মর্মে, বারবিশার বিবেকানন্দ ভবন মঞ্চে বিজয়া সন্মিলনীর অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্মৃতিকান্ত বর্মন। এছাড়া জেলার প্রসাশনিক কর্তা, বিধায়ক, সাংসদ এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রসঙ্গে, ক্লাব সভাপতি সুকুমার রঞ্জন সরকার জানিয়েছেন , বারবিশা বিবেকানন্দ ক্লাবের ৭৫ বছরের চার কর্মকর্তা, যারা গত পঞ্চাশ বছর ধরে এই ক্লাবের বিভিন্ন কর্মকান্ডের সাথে নিজেদের নিয়োজিত রেখে বিভিন্ন সামাজিক কাজে সামিল হয়ে রীতিমত নজির গড়েছেন এবং দুই ক্রীড়াবিদ এবং দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা জানানো হয়েছে। এছাড়া জল সংরক্ষণের উপর একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আয়োজনে।