নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ডিসেম্বর’১৯:-

চা বাগান সংলগ্ন এলাকায় ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ারে । ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরী চা বাগানে। সূত্রের খবর, আলিপুরদুয়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর জন্য মাঝেরডাবরী চা বাগানের পরিত্যক্ত জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। কিন্তু এই প্রকল্পের নির্মাণের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বুধবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দা ও চা শ্রমীকদের মধ্যে দফায় দফায় অবরোধ বিক্ষোভে চলল পুলিশের লাঠি। ছোঁড়া হয় ক্যাঁদানে গ্যাসের সেল। এমনকী, অবরোধ তুলতে পুলিশ গুলিও চালিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। অপরদিকে আন্দোলনকারীদের ছোঁড়া ইট ও পাথরে জখম হয়েছেন দুই পুলিশকর্মী। এরমধ্যে একজন মহিলা পুলিশকর্মীও রয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানিয়েছেন, বেশ কয়েকটি দলে ভাগ করে অভিযান চালায় পুলিশ। ঠিক কতজন আহত হয়েছেন এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে জাতীয় সড়কে অবরোধ তুলে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। গ্রামবাসীদের দাবি এভাবে চা বাগানের মধ্যে শহরের জঞ্জাল ফেলা হলে এখানে বসবাস করা সম্ভব না।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন…
ড্রাম্পিং গ্রাউন্ড নিয়ে রণক্ষেত্র মাঝেরডাবরী : দেখুন ভিডিও বার্তা
