পুজোর ভীড়ে শিশুদের গলায় ঝুলবে পরিচয়পত্র : আলিপুরদুয়ার পুলিশের বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৩অক্টোবর’১৯:-

গোটা রাজ্যে সম্ভবত প্রথম । পুজোর ভীড়ে বাবা মায়ের হাত ছেড়ে হারিয়ে যাওয়া শিশুদের সুরক্ষা ও দ্রুত বাবা মায়ের হাতে তুলে দিতে বিশেষ ‘শিশু পরিচয়পত্রের’ ব্যবস্থা করতে চলেছে জেলা আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন । দুর্গাপূজোর দর্শনার্থী শিশুদের গলায় ঝুলবে সে পরিচয়পত্র বিষয়ক সুরক্ষা কার্ড। আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফ থেকে এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজার ভিড়ে শিশু চুরির ঘটনা বা হারিয়ে যাবার মতো ঘটনার খবর প্রতিবারই সামনে আসে। সে কারণে মানুষকে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হয় এবং শিশুর পরিচয় বের করে অভিভাবকদের হাতে শিশুকে পৌঁছে দিতে হিমশিম খান পুলিশ কর্মীরাও । সাধারণ মানুষের পরিবারের শিশু সুরক্ষার কথা মাথায় রেখে, বাচ্চাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে আইডেনন্টি কার্ড। গোটা জেলায় দশ হাজার আইডেনন্টি কার্ড বিলি করা হবে বলে জানা গিয়েছে। শিশু গলায় ঝোলানো কার্ডটিতে, লেখা থাকবে শিশুর ও তার বাবা মায়ের নাম সহ ফোন নম্বর, ঠিকানা। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, বিভিন্ন পুলিশ থানার অধীন দশ হাজার কার্ড অভিভাবকদের বিলি করা হবে। পাশাপাশি আলিপুরদুয়ার শহরে পুলিশ সহায়তা বুথের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য জেলা পুলিশের এই পদক্ষেপকে বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!