নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর’১৯:-

রেল লাইনের ওপরে দাঁড়িয়ে গজরাজ। চালকের তৎপরতায় এড়ানো গেলো দুর্ঘটনা। বেঁচে গেলো আরেকটা বন্যপ্রাণ। রবিবার সন্ধ্যে ৫.৩৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক দুর্যোধন রেড্ডি এবং সহকারী চালক ডি. দিনকর হঠাৎ দেখেন যে, চাপরামারী অভয়ারণ্যের নাগরাকাটা-চালসা স্টেশনের মাঝে ৭১/৯-৮ পোস্টের কাছে একটি বিশাল হাতি লাইনের ওপর দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ হাতি দেখা মাত্রই আপতকালিন ব্রেক ব্যবহার করে ট্রেনটিকে ৫০-৬০ মিটার আগে থামাতে সক্ষম হন তারা। তারপর প্রায় ৫মিনিট অপেক্ষার পর হাতিটি পাশের জঙ্গলে প্রবেশ করলে আবার ট্রেন চালানো হয়েছে। ঘটনায় চালকদের সতর্কতার ফলে আরেকটি দুর্ঘটনা ঠেকানো সম্ভব হলো।
