নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ নভেম্বর’১৯ :-

একেই কি বলে , ঘরের ছেলের ঘরে ফেরা ? ঘর ছেড়ে বিজেপিতে গিয়ে ফের ঘরে ফিরলেন মেন্দাবাড়ির জনাকয়েক পঞ্চায়েত সদস্য । আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি অঞ্চলে এখনো নিজেদের অধিকার কায়েম রেখেছে জাতীয় কংগ্রেস । কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর যারা বিজেপিতে চলে গিয়েছিলেন ,তাদের ঘরে ফেরা সিন্ধুতে বিন্দু হলেও খানিক অক্সিজেনের যোগান দিচ্ছে জাতীয় কংগ্রেসের আলিপুরদুয়ার শাখায় ।
শনিবার , আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিজিৎ নারজীনারি(জাতীয় কংগ্রেস মনোনিত প্রার্থী কালচিনি বিধানসভা ২০১৬), মঞ্জু ঠাকুর,রুকমা হাজারী এবং শানু খরিয়া(পঞ্চায়েত সমিতি সদস্য) বিজেপি থেকে পুনরায় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, জানিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব ।
এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শ্রী গজেন্দ্র নাথ বর্মন,জেলা কংগ্রেস এস সি/এস টি সেলের চেয়ারম্যান শ্রী অক্ষয় বর্মন, জেলা যুব কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু দেবনাথ, কালচিনি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শ্রী রতন চক্রবর্তী সহ অন্যান্য জেলা ও ব্লক কংগ্রেস নেতৃত্ব।