নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

গান্ধীজির ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে, সারা দেশব্যাপী গান্ধীজীর আদর্শকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে যে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে, তাতে পা মেলালো জেলা আলিপুরদুয়ার বিজেপি । সূত্রের খবর, দুদিন পূর্বে শুরু হয়ে , এই পদযাত্রাটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা ক্ষেত্র হয়ে , নাগরাকাটা থেকে শুরু করে বারোবিশায় গিয়ে শেষ হবে। শনিবার থেকে শুরু হয়েছে, সাতদিন ব্যাপী পদযাত্রাটি চলবে বলে জানা যায়। এই সংকল্প পদযাত্রায় বিজেপির সাংসদ জন বারলা, মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, সম্পাদক জয়ন্ত রায় সহ অনেকেই পা মেলান। গান্ধী সংকল্প যাত্রায় এসে চা বাগনের শ্রমিকদের সাথেও আলাপচারিতায় দেখা যায় সাংসদ জন বারলা সহ অন্যান্য বিজেপি জেলা নেতৃত্বকে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি সদস্য সহ বিভিন্ন কার্য কর্তাদের এই সংকল্প পদযাত্রায় যুক্ত হতে দেখা যায়। একেক বারে, প্রায় দুহাজারের বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে পদ যাত্রায় পা মেলাচ্ছেন বলে জানা যায়। গান্ধীজির স্বচ্ছতা ও অহিংসা নীতিকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার জন্যে, এই বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে।