নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ সেপ্টেম্বর’১৯:-

প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে , বেহাল রাস্তা মেরামত করার দাবীতে, এক বর্ণাঢ্য পদযাত্রার সামিল হলেন বহু মানুষ। ঘটনাটি ঘটেছে, নিউল্যান্ডস কুমারগ্রাম সংকোশ (এনকেএস) গ্রাম পঞ্চায়েত এলাকায়। দীর্ঘ বহুদিন যাবত, কুমারগ্রাম চা বাগান জিরো পয়েন্ট থেকে বারবিশা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পাকা রাস্তা ভেঙে পড়ায়, নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষদের। সেখানকার বাসিন্দারা বহুবার বিক্ষোভ, আন্দোলন করেও প্রশাসনের ঘুম ভাঙাতে পারেনি। তাই এইবার অভিনব কায়দায় এক বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। বৃহস্পতিবার সকালে ভালোবাসা,শান্তিপূর্ণ আবেদন ও মানবিকতাকে মাথায় রেখে এলাকার বাসিন্দারা জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে রাস্তা মেরামতের আবেদন রাখেন। শুধু তাই নয়, জনবহুল এলাকায় তাঁরা গান গেয়ে পথচলতি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। এলাকা বাসীদের বিশ্বাস, ভালোবাসা ও মানবিকতার জেরেই প্রশাসনের ঘুম ভাঙ্গানো সম্ভব।