নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ অক্টোবর’১৯:-

আশ্চর্যজনক ঘটনার সাক্ষী জেলা শহর আলিপুরদুয়ার। দীপাবলিতে এক বাড়ির মন্দিরের বিদ্যুতের বাল্ব এর দিকে যারা যারা তাকিয়েছে, তাদেরই চোখ লাল হয়ে ফুলে উঠেছে। শুরু হয়েছে চোখ জ্বালা করা। তবে কেন এইরকম কাণ্ড ঘটলো সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে জেলাবাসীর মনে। আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে।
সূত্রের খবর, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি গ্রামে দীপাবলিতে এক বাড়ির মন্দিরে লাগানো হয়েছে বৈদ্যুতিক বাল্ব। সেই বাল্ব এর দিকে যারা যারা তাকিয়েছে তারা সকলেই চোখের অসুখে আক্রান্ত। সেই সংখ্যা কমপক্ষে শতাধিক। তার মধ্যে শিশু রয়েছে প্রায় ৫০ জনের বেশি। সকলের চোখ লাল হয়ে ফুলে উঠছে, সেইসঙ্গে চোখ জ্বালা। ওই গ্রামের শতাধিক মানুষ কামাখ্যাগুড়ি ও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডাক্তারের কাছে এসেছেন সেই চোখের সমস্যা নিয়ে।
সেই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ প্রসেনজিৎ রায় জানিয়েছেন, চোখের সমস্যা নিয়ে বেশকিছু শিশু ও তাদের অভিভাবকরাও হাসপাতালে এসেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, কোনো ক্ষতিকর বৈদ্যুতিক আলোর সাথে বাজির ধোয়ার কারণে চোখের উপরিস্থলে যে স্তর রয়েছে, সেখানে জ্বালা হচ্ছে এবং যে বাল্ব এর কথা গ্রামবাসীরা বলছেন, সেই তীব্র ওয়াটের আলো ঠিক গ্রহণের সূর্যালোকের সময় দেখলে যেমনটা বলা হয় যে চোখের ক্ষতি হতে পারে ঠিক ততটা তীব্র আলোর ফলে এই চোখের সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই জন্য কিছু কিছু শিশুর চোখের দৃষ্টি কিছুটা কমেছে তবে এটা দীর্ঘস্থায়ী হবে না বলে ডাক্তারবাবু জানিয়েছেন। খুব দ্রুত সকলে যাতে সুস্থ হয়ে ওঠে সেই আশা প্রকাশ করেছেন ডাক্তারবাবু।