নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১নভেম্বর’১৯:-

মানসিক ভারসাম্যহীন যুবতীর থ্যাঁতলানো মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির বানারহাট রেঞ্জের রেতি নদীর ধারে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় কিছু লোকজন নদীর ধারে যুবতীর মৃতদেহ দেখতে পায়। ঘটনার খবর ছড়াতেই এলাকায় মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, যুবতীর নাম অমৃতা ওরাওঁ (২৮), যুবতীর বাড়ি বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে। চাবাগানের বাসিন্দারা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। রাতে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তরুণীর সন্ধান পাননি। স্থানীয়দের প্রাথমিকভাবে অনুমান, কোনোভাবে হাতির সামনে পড়ে যাবার কারণে হাতির আক্রমণেই প্রাণ হারিয়েছেন যুবতী।জলপাইগুড়ি থানার বানারহাট রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, যেখানে দেহটি মিলেছে, সেটি বনের ভিতর না বাইরের এলাকা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।