নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০:-

বরযাত্রীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেলো বাইক চালকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১নম্বর জাতীয় সড়কে, চাঁচল বিএড কলেজের কাছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই বাইক চালকের নাম রাজা আলি (২৫), তিনি হরিশ্চন্দ্রপুর থানার তুলশিহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামের বাসিন্দা। ঘটনা সূত্রে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে, বাইকচালক হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে বাইক নিয়ে আসছিল, সেইসময় বিপরীত দিক আসছিল একটি বরযাত্রীর গাড়ি। সেই সময় হঠাৎ উল্টো দিক থেকে আসা বরযাত্রীর গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গাড়িটিকে আটক করেছে চাঁচল থানার পুলিশ, তবে বরযাত্রীর গাড়ির চালক পলাতক।