প্রকৃতি মা’এর কোলে কচিকাঁচাদের সপ্তাহ যাপন : তিন পরিবেশপ্রেমী সংস্থার প্রকৃতিপাঠ শিবির ঘিরে সরগরম ডুয়ার্স |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৬ ডিসেম্বর ‘১৯:-

উত্তুরে বাতাসের কনকনে শীতকে উপেক্ষা করেই, শিবালিক হিমালয়ের পাদদেশের   জেলা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা দুয়ার ও জৈন্তি এলাকায় শুক্রবার থেকে শুরু  হল ” প্রকৃতি পাঠ শিবির “। চলবে চলতি বছরের শেষ দিন অবধি। শহর আলিপুরদুয়ারের তিনটি প্রকৃতি প্রেমী সংস্থার উদ্যোগে আয়োজিত, আলাদা আলাদা   এই তিনটি প্রকৃতি বীক্ষণ শিবিরে আগামী ছয়দিন ধরে প্রকৃতির পাঠশালায় ফুল পাখি গাছ পাতা প্রজাপতি  কীট পতঙ্গ পাথর নদী সমৃদ্ধ অরন্যের আস্বাদ নেবে প্রায় ৪৫০ জন স্কুলপড়ুয়া কচিকাঁচা। সাত বছর বয়স থেকে শুরু করে চোদ্দ বছরের বালিকার অনুসন্ধিৎসু পদচারনায় আপাতত সরগরম ডুয়ার্সের বন নদী পাহাড়।

বক্সা পাহাড়ের পাদদেশের অতি ক্ষুদ্র জনপদ সান্তালাবাড়ির এক কোনায়, পিলখানার সবুজ গালিচায়  গোটা দশেক জলপাইরঙ্গা তাবু খাটিয়ে চলছে ‘রোভার্স এন্ড মাউন্টেনিয়ার্স ক্লাবের ‘  প্রকৃতি বীক্ষণ ক্যাম্প । ক্যাম্পের ইনচার্জ সৌরভ গাঙ্গুলি জানান,  কলকাতা -নদীয়া -শিলিগুড়ি -জলপাইগুড়ি থেকে শুরু করে ডুয়ার্সের হ্যামিলট গঞ্জ -কালচিনি -হাতিপোতা -কোচবিহার এবং শহর আলিপুরদুয়ারের প্রায় ১১৮ জন বালক -বালিকা নিয়ে চলছে প্রকৃতি পাঠের কর্মশালা। এদিন এই ক্যাম্পের উধবোধন করেন বিখ্যাত হস্তীবিশারদ পার্বতী বড়ুয়া ।

একই চিত্র “নন্দাদেবী ফাউন্ডেশন ” সংস্থা আয়োজিত ক্যাম্পের। জৈন্তি নদী অভিমুখের হাওদা উপত্যকায় প্রায় ১২০ জন কচি কাঁচা নিয়ে চলছে এই ক্যাম্প। এই ক্যাম্পের বৈশিষ্ট্য সম্পর্কে সংস্থা জানায়,  এখানেই একমাত্র ‘রক ক্লাইম্বিং ‘ সম্পর্কিত আডভেঞ্চার কোর্স করানো হয় উতসাহী বালক বালিকাদের।  সিকিম -বিহার -উড়িষ্যা ছাড়াও এই রাজ্যের বিভিন্ন স্থানের ক্যাম্পারদের ভীড়ে নন্দাদেবীর প্রকৃতি পাঠ শিবির যে জমে উঠবে তাতে সন্দেহের অবকাশ নেই,  দাবী উদ্যোক্তাদের।
এছাড়াও জৈন্তি এলাকাতেই চলছে আগামী ছয়দিনের আরেক প্রকৃতি পাঠ শিবির,  উদ্যোগে আলিপুরদুয়ার নেচার ক্লাব। এই শিবিরেও অংশগ্রহণকারী ক্যাম্পার সংখ্যা প্রায় শতাধিক।
বাল্যকাল  থেকেই প্রকৃতির পাঠশালায় নিজেদের খানিকটা সেঁকে নিতে পারলে বলিষ্ঠ এক চরিত্রের অধিকারী হয় প্রতিটি মানুষ,  আর ঠিক এই কারণেই কচিকাঁচাদের নিয়ে  এই ধরণের প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন, বলিষ্ঠ স্বরেই জানিয়েছেন শিবির উদ্যোক্তারা।

Leave a Reply

error: Content is protected !!