রাতভর বোমাবাজি : পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : রাস্তার পাশে উদ্ধার তাজা বোমা : থমথমে ভেটগুড়ি

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৭সেপ্টেম্বর’১৯:-

ফের দিনহাটার ভেটাগুড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মঙ্গলবার সকালে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি সিঙ্গিজানি এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় রাতভর বোমাবাজির ঘটনা ঘটে বলেও জানা গেছে। উল্লেখ্য কয়েকদিন ধরে দিনহাটা ভেটাগুড়ি তে নানাভাবে বোমাবাজি থেকে শুরু করে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর সোমবার সকালে ভেটাগুড়ির ব্রহ্মানিরচৌকি ও শাকদল গ্রাম থেকে দুইটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার পর ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের সিঙ্গিজানি গ্রামে রাতে বোমাবাজির ঘটনার পর এদিন সকালে একটি তাজা বোমা উদ্ধার হয়।
দিনহাটা ভেটাগুড়ি তে বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তৃণমূলের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা 1 ব্লক তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন প্রমূখ বলেন নানাভাবে শান্ত ভেটাগুড়ি কে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি।গত লোকসভা ভোটের পর থেকেই এই গন্ডগোল শুরু হয়েছে বলে তাদের অভিযোগ।আর তারই ফলস্বরূপ পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি এমনকি বোমাবাজির ঘটনা ঘটছে প্রতিদিনই।পুলিশকে গোটা ঘটনা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলেন তিনি।
অপরদিকে বিজেপি দলের পক্ষ থেকেও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ, কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল নিজেদের মধ্যে অশান্তি করে বোমাবাজি করছে। আবার পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই। বিজেপির শান্তির রাজনীতিতে বিশ্বাসী।
বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন ভেটাগুড়ির সিঙ্গিজানি এলাকায় এদিন সকালে রাস্তার ধারে একটি বোমা পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেটিকে উদ্ধার করে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!