নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ, ৪ সেপ্টেম্বর’১৯:-

একের পর এক সাপ উদ্ধার লোকালয় থেকে। ফের বুধবার দুপুর ৩টা নাগাদ কোচবিহার জেলার তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি ২নং অঞ্চলের দত্তপাড়া এলাকার বাসিন্দা কিরণ দে র বাড়ি থেকে প্রায় ৭ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ (রাট স্নেক) উদ্ধার করা হয়েছে। সাপটি ওই বাড়ির বারান্দায় রাখা জ্বালানি কাঠের ভেতরে লুকিয়ে ছিল। হঠাৎ সাপটি বাড়ির লোকের নজরে আসে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী প্রতীক সরকারকে। কিছুক্ষণের চেষ্টায় প্রতীক সরকার সাপটিকে উদ্ধার করে। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত কয়েকদিন ধরেই বেশকিছু সাপ এলাকায় দেখা যাচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
অন্যদিকে , দাঁড়াশ নির্বিষ (ক্ষীণবিষ) সাপ হলেও বাড়ির ভিতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কারণেই আতংক গ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ , এমনটাই বক্তব্য ওয়াকিবহাল মহলের । ফসলি ক্ষেতের আশেপাশে বসবাস কারী এই দাঁড়াশ সাপের প্রধান খাদ্য ইঁদুর এবং ফসল ধ্বংসকারী ইঁদুর খেয়ে দাঁড়াশ প্রকারান্তরে মানুষের উপকার করে বলেই জানা গেছে । যে কারনে দাঁড়াশ কৃষকবন্ধু নামেও সমধিক পরিচিত বলে জানিয়েছেন তথ্যভিজ্ঞ মহল ।