তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে : ঘরের ছেলে ফিরল ঘরে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার,২২ সেপ্টেম্বর’১৯ :-

গত লোকসভা ভোটে ফল প্রকাশের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করল দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাঁচজন সদস্য।বিজেপি থেকে এই সদস্যরা তৃণমূলে ফিরতেই রাজনৈতিক মহলে ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে। রবিবার দিনহাটায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুর প্রধান বিধায়ক উদয়ন গুহ। এদিন উদয়ন গুহর বাড়ির অফিসে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দে আমিন, মন্তেশ্বর রায়, সুনীল রায় সরকার, দিলীপ রায় প্রমূখ নেতৃত্ব। এদিন যারা তৃণমূলের প্রত্যাবর্তন করলেন তারা হলেন জিতেন্দ্র নাথ বর্মন, ববিতা মন্ডল, সোরাব আলী, সুষমা বর্মন ও বর্ণা ঘোষ। ১০ আসন বিশিষ্ট ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে সব কয়টি আসনেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলেই তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। ফলে ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়। লোকসভা নির্বাচনের ফলাফলের পর দিনহাটায় তৃণমূল কংগ্রেস কিছুটা ব্যাকফুটে চলে গেলেও ফের নিজেদের ঘর গোছানোর কাজে রাজ্য নেতৃত্বের নির্দেশে মাঠে নামে তৃণমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস দিনহাটা মহকুমা জুড়ে কিছুটা হলেও সাড়া ফেলে দিয়েছে।

এ ধরনের এক রাজনৈতিক পরিস্থিতিতে ভেটাগুড়ি ১গ্রাম পঞ্চায়েতের ৫ জন সদস্যকে দলে ভিড়িয়ে রাজনৈতিকভাবে একটা জায়গা করে নিল তৃণমূল কংগ্রেস। এদিন প্রত্যাবর্তনকারী তৃণমূল সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর বিধায়ক উদয়ন গুহ বলেন, এরা সকলেই তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এদের ভুল বুঝিয়ে বিজেপিতে শামিল করা হয় । এখন ওরা নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলেন ।এদিন দলে প্রত্যাবর্তন করা ৫ সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। প্রত্যাবর্তনকারী গ্রাম পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র নাথ বর্মন বলেন, আমরা ভুল বুঝে বিজেপিতে শামিল হয়েছিলাম। এখন বুঝতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের ডাক দিয়েছেন সেটি সঠিক পথ। তাইতো ফের তৃণমূলে ফিরে এলাম।দলে ফিরেই তিনি বলেন শনিবার রাতে তিনি দলীয় এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে তাকে অপহরনের গল্প ফাঁদা হয়। তাকে কেউ অপহরন করেনি। তিনি স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Leave a Reply

error: Content is protected !!