নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৭ সেপ্টেম্বর’১৯:-

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসা গ্রামের সাধারণ মানুষকে নানাভাবে বেসরকারি নার্সিং হোম গুলিতে রেফার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সুপারকে ডেপুটেশন দিল দিনহাটা জনজাগরণ মঞ্চ। হাসপাতলে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের কে। অবিলম্বে দালালচক্র বন্ধ করতে দাবি জানালো দিনহাটা জনজাগরণ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে শনিবার দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিয়ে হাসপাতালের ভেতরে অবিলম্বে দালালচক্র বন্ধ করার দাবি জানান হয়েছে । আর এই দালালচক্রের পেছনে বেশ কয়েকজন চিকিৎসক নানাভাবে জড়িত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। উল্লেখ্য দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠতেই দিন কয়েক আগে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ দালাল চক্র বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেন। হাসপাতাল সুপার অবশ্য বলেন দালাল চক্র বন্ধ করতে তারা সক্রিয় রয়েছে। অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে। আগামীতে সম্পূর্ণ নির্মূল করা যায় তার চেষ্টাও করা হচ্ছে। পাশাপাশি
সংগঠনের দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
সংগঠনের সভাপতি জয়ন্ত বিশ্বাস,সম্পাদক হিটলার দাস, সুভাষ বর্মন, জয়ন্ত বিশ্বাস প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার হাসপাতাল সুপারের সাথে দেখা করে তার হাতে এই দাবিপত্র তুলে দেন। সংগঠনের সম্পাদক হিটলার দাস বলেন দিন কয়েক আগে দিনহাটার গোসানিমারি এক রোগী হাসপাতালে এক চিকিৎসকের চেম্বারে দেখান। তিনি ওই রোগীকে নার্সিংহোমে ভর্তি করতে পরামর্শ দেন। সরকারি হাসপাতালে রাজ্য সরকার নানা হবে গ্রামের মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন পরিষেবা চালু করায় দিনহাটা গোসানিমারি ওই রোগীর আত্মীয় পরিজন তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করলে ওই চিকিৎসক ওই রোগীকে কোচবিহারে রেফার করে দেন বলে অভিযোগ।
সংগঠনের পক্ষ থেকে ওই দাবি পত্রে আরো উল্লেখ করা হয়েছে গত মাসে দিনহাটার আরো এক রোগীকে ভয় দেখিয়ে হাসপাতালের অন্য এক চিকিৎসক নার্সিংহোমে রেফার করেন। দূরদূরান্ত গ্রাম থেকে রোগী দের সরকারি চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতলে চিকিৎসকদের কাছে নিয়ে আসা হলেও চিকিৎসকদের কেউ কেউ নিজেদের স্বার্থে রোগীকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করছে। এর ফলে গ্রামের মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালাল চক্রের খপ্পরে পড়ে আর্থিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে। এতে কালিমালিপ্ত হচ্ছে সরকারি স্বাস্থ্য পরিষেবা।দালালচক্র বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে সংগঠন নেতৃত্ব উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল বলেন সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট ভাবে দুটি অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখার পাশাপাশি উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।