নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৯সেপ্টেম্বর’১৯:-

পুজোর আগে রেড ব্যাংক চা-বাগানের প্রায় দুই হাজার শ্রমিকের হাতে বস্ত্র তুলে দিল কোচবিহার তোর্ষা সাহিত্য সংস্থা । সংস্থার পক্ষ থেকে রবিবার এই বস্ত্র প্রদানের কর্মসুচী ছাড়াও রেডব্যাঙ্ক চা বাগানের প্রায় দুই হাজার শ্রমিকের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এই কর্মসুচী কে ঘিরে দারুন সাড়া পড়ে দীর্ঘ ধরে বন্ধ থাকা ধুপগুড়ি ব্লকের এই চা বাগান টিতে। তোর্ষা সাহিত্য সংস্থার সম্পাদক মানস চক্রবর্তী জানান পুজোর আগে এই শ্রমিক-কর্মচারীদের হাতে সামান্য কিছু উপহার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে । সাহিত্য চর্চার পাশাপাশি আমরা অতীতেও এই জাতীয় কর্মসূচি পালন করেছি এবং ভবিষ্যতেও এই জাতীয় কর্মসূচি পালনের প্রচেষ্টা জারি থাকবে । আদিবাসী নৃত্যের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রেডব্যাঙ্ক চা বাগানের দেবাশিষ সরকার নামে এক বাসিন্দা জানান, পুজোর আগে আমাদের এই শ্রমিক-কর্মচারীদের অনেকেরই জামা কাপড় কেনার সামর্থ্য থাকে না কিন্তু কোচবিহার তোর্ষা সাহিত্য সংস্থা আমাদের এই শ্রমিক-কর্মচারীদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি । এদিন এই অনুষ্ঠানে নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ভাস্কর জ্যোতি দত্ত ।তিনি তার বক্তব্যে অসহায় এই শ্রমিকদের জীবন যাপনের কথা তুলে ধরেন। এছাড়াও এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার অন্যতম সদস্য ডাঃ আশুতোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে অসহায় শ্রমিকদের জামা কাপড় ও দুপুরের খাবারের ব্যবস্থা করা ছাড়াও জলের অপচয় রোধ এবং প্লাস্টিক দূষণ নিয়েও বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচার করা হয় ।