নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ১৯ ফেব্রুয়ারি’২০২০ :-

অষ্টমঙ্গলার গিট খুলতে এসে জীবনে বড় রকম গিট লাগলো নতুন জামাইয়ের। শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। এবং তার ‘এই অসুস্থতায়’ রহস্যর গন্ধ পাচ্ছে জামাইয়ের বাড়ির লোকেরা। খুনের চেষ্টার অভিযোগ হয়েছে জামাইয়ের পরিবারের তরফে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ।
জানা গেছে, চলতি বছরের মাঘ মাসের ২৭ তারিখ অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন দেওয়ানহাট নিবাসী ক্ষিতীশ কুমার রায়। তার শ্বশুর বাড়ি কোচবিহার ১ নং ব্লকের নাককাটি পুস্না ডাঙ্গা এলাকায়। বিয়ের প্রচলিত নিয়ম মেনে অষ্ট মঙ্গলা পালনে (দ্বিরাগমন) রবিবার শ্বশুর বাড়িতে আসে জামাই। এরপরই রাতে অসুস্থ হয়ে পড়ে জামাই। তাকে অসুস্থ অবস্থায় কোচবিহারের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ তুলে নতুন জামাইয়ের বাড়ির লোকেরা কোচবিহার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অসুস্থ জামাইয়ের ভাই নব কুমার রায় জানিয়েছে, শ্বশুর বাড়ির লোকেরা তাকে বারংবার ফোন করে ওইদিন ডেকে নিয়ে যায়। কিন্তু এরপর আমাদের খবর দেওয়া হয়, ও অসুস্থ হয়ে পড়েছে। এখন আমরা জানতে পেরেছি, তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা এর মধ্যে রহস্য লুকিয়ে আছে বলে মনে করছি। কারণ ক্ষিতীশ স্বাবাভিক এবং সুস্থই ছিল। রবিবার শ্বশুর বাড়িতে এসে অসুস্থ হয়ে পরে। সন্দেহ দানা বাঁধায় মঙ্গলবার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে এর পর থেকেই ওই মেয়ের বাড়ির লোক পলাতক।