ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ : থমথমে মাতালহাট

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৩ সেপ্টেম্বর’১৯ :-

তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার মাতালহাট । ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রবিবার সন্ধ্যায় দিনহাটা ১ ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে । ওই ঘটনায় তিনটি বাইক ও একটি দোকান ভাংচুরের হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ পৌঁছালে ধীরে ধীরে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুর করা বাইক তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তৃনমূল কংগ্রেস । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রবিবার বিকেলে টাইগার বর্মন, মিঠুন বর্মন ও বিশ্বজিৎ শর্মা নামে তৃণমূল কর্মী বাইক নিয়ে দিনহাটা থেকে লক্ষ্মীর বাজার দিকে যাওয়ার সময় বিজেপির কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা করে। যদিও ওই তৃণমূল কর্মীরা বাইক ছেড়ে পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনের বাড়িতে আশ্রয় নেয়। তখন বিজেপি কর্মীরা ওই বাইক তিনটিকে ভাংচুর করে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃনমূল কংগ্রেসের দিনহাটা ১নং ব্লকের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্ষ নুর আলম হোসেন বলেন, এদিন বিকেলে তিনজন তৃণমূল কর্মী দিনহাটা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় লক্ষ্মীবাজার এলাকায় বিজেপি দলের কিছু দুষ্কৃতী তাদের ওই কর্মীর উপর হামলা চালায় এবং তিনটি বাইক ভাঙচুর করে। মানুষ বিজেপির প্রতি মোহ ভঙ্গ হয়েছে তাই তাদের পিছন থেকে মানুষ সরে যাচ্ছে।তাই এলাকায় একটা সন্ত্রাসীর পরিবেশ তৈরি করার জন্য বিজেপি চেষ্টা করছে।বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার, অনন্ত বর্মন প্রমূখ তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে ওই সংঘর্ষ হয়। তৃনমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দে জর্জরিত হয়ে নিজেদের মধ্যে গন্ডোগোল কে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

Leave a Reply

error: Content is protected !!