সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চাই প্রশাসনিক হস্তক্ষেপ : বিক্ষোভ -ডেপুটেশনে বাম

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 28 আগস্ট’ 19 :-

দিনহাটার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত কারীদের বিরুদ্ধে প্রশাসন কে কঠোর হওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বামেরা। দিনহাটা মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে বুধবার মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখানোর পর ডেপুটেশন দেওয়া হয়। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা, তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, শ্যামল ধর,বিকাশ মণ্ডল, মনীন্দ্রনাথ বর্মন প্রমূখ।দিনহাটা মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে এদিন শাসকের দফতরে বিক্ষোভ চলাকালীন পুলিশি নিরাপত্তা ও ছিল যথেষ্ট।
মহকুমা শাসকের দফতর চত্বরে বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ, বিকাশ মণ্ডল,সিপিএম নেতা দিলীপ সরকার প্রমূখ। বাম নেতৃত্বাধীন বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়। বিক্ষোভ চলাকালীন আব্দুর রউফ, প্রবীর পাল প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা শাসক শেখ আনসার আহমেদ এর সাথে দেখা করে তার হাতে তিন দফা দাবি পত্র তুলে দেন।
যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন গত পঞ্চায়েত ভোটের আগে থেকে রাজ্যের শাসক দলের যুব সংগঠনের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেই গন্ডগোলের জের এখনো চলছে। সদ্য লোকসভা নির্বাচনের পর বিজেপি নানাভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে নতুন করে অশান্ত করে তোলার চেষ্টা করছে দিনহাটা কে। একদিকে বিজেপি অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাধারণমানুষ সমস্যায় পড়েছে। নানাভাবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়ছে বলেও তাদের অভিযোগ।
সংগঠন নেতৃত্ব বলেন এদিন মহকুমা শাসকের কাছে তারা দাবি পত্র দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা, দিনহাটার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কে কঠোর হওয়া প্রভৃতি দাবি তুলে ধরা হয়।দাবিগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বামফ্রন্টের পক্ষ থেকে দুর্বার আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
বামেদের ডেপুটেশন প্রসঙ্গে মহকুমাশাসক শেখ আনসার আহমেদ বলেন দাবি পত্র পেয়েছি। তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

error: Content is protected !!