অস্থায়ী কর্মীদের অগ্রাধিকারের দাবী : কর্মবিরতি পুরসভার সাফাই কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৪ সেপ্টেম্বর’১৯ :-

পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে পুর পরিষেবা বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি আন্দোলনে নামল দিনহাটা পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। অস্থায়ী কর্মীদের সংগঠন দিনহাটা পুরসভা অস্থায়ী কর্মচারী ইউনিয়নের ডাকে মঙ্গলবার থেকে এই আন্দোলনকে ঘিরে শহর জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে। সামনেই দুর্গাপূজা। তা ঠিক কয়দিন আগে পুরসভার অস্থায়ী কর্মীদের এই আন্দোলন চলতে থাকে শহরের নোংরা আবর্জনা জমে পড়বে বলেও মনে করছে অনেকে। এদিন সকাল থেকেই পুর পরিষেবা বন্ধ রেখে কর্মীদের এই আন্দোলনের ফলে শহরের বিভিন্ন অংশে নোংরা জমে থাকতে শুরু করে। দাবি না মানা পর্যন্ত কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও অস্থায়ী সাফাই কর্মীরা পরিষ্কার জানিয়ে দেন। এদিকে পুরসভা সূত্রে জানা গেছে কোনরকম নোটিশ ছাড়াই অস্থায়ী কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি আন্দোলনে নেমেছেন। কাজ শুরু করা না হলে কোনরকম আলোচনা হবে না বলেও পুরো কর্তৃপক্ষ জানিয়ে দেন।

আন্দোলনরত অস্থায়ী কর্মীদের রাজু মন্ডল , হীরা দাশ সহ অন্যান্যরা বলেন তাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা কাজ করে এলো তাদেরকে স্থায়ী না করে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে।দিনহাটা পুরসভার প্রায় আড়াইশ জন অস্থায়ী কর্মী রয়েছে। তাদের অধিকাংশই ২০ – ২৫ বছর ধরে একইভাবে কাজ করে চলছেন। পৌরসভার অস্থায়ী কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করায় স্বাভাবিকভাবেই নোংরা জমে পড়ছে। এর ফলে বুধবার থেকেই শহরের বিভিন্ন স্থানে নোংরা জমে অবস্থা বেগতিক হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। শহরের বিভিন্ন স্থানে নোংরা আবর্জনা জমে উঠল পরিবেশ দূষিত হয়ে উঠবে বলেও মনে করছেন তারা।বর্তমানে তাদের প্রতিদিন মজুরি দেওয়া হচ্ছে ১৯৪ টাকা করে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলছে তারপরেও তাদের মজুরি বৃদ্ধি নিয়ে কোনো রকম হেলদোল নেই পুর কর্তৃপক্ষের বলে অভিযোগ এই কর্মীদের। তারা বলেন তাদের ন্যূনতম মজুরি ৩১৫ টাকা করার দাবি ছাড়াও পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের থেকেই নিয়োগ করতে হবে। পুরো কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন। এদিন দিনহাটা পুরসভার অস্থায়ী কর্মীরা বলেন রাজ্য সরকার যখন সরকারি কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে তখন পুর কর্তৃপক্ষ তাদের মজুরি বৃদ্ধি নিয়ে সম্পূর্ণ উদাসীন। পাশাপাশি তারা প্রতি মাসে ২৬ দিন কাজের দাবিতে সরব হন।

অস্থায়ী কর্মীদের আন্দোলন প্রসঙ্গে দিনহাটা পুরসভার চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন ইতিপূর্বেই তাদের প্রতিদিন ২০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে। বর্তমানে দিনহাটা পুরসভা অস্থায়ী কর্মীদের যে মজুরি দিচ্ছে উত্তরবঙ্গের অন্যান্য পুরসভার চেয়ে অনেকটাই বেশি বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন কোন নোটিশ ছাড়াই অস্থায়ী এই সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেন। কাজ শুরু না করলে কোনরকম আলোচনায় তারা বসবেন না বলেও চেয়ারম্যান জানিয়ে দেন।

Leave a Reply

error: Content is protected !!