নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,২৩ সেপ্টেম্বর’১৯ :-

কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষ এবং এমএসভিপিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল নর্থ বেঙ্গল বাসফোর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে সোমবার মেডিক্যাল কলেজের ঘেরাও ও বিক্ষোভ কে ঘিরে ব্যপক আলোড়ন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত ৮ জুন ডোম পদে কর্মী নিয়োগের জন্য মেডিকেল কলেজের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী কোচবিহারের বেশকিছু হরিজন সম্প্রদায়ের কয়েকজন আবেদন করেছিল। কিন্তু অভিযোগ কোচবিহারের একজন চাকরিপ্রার্থীরও ইন্টারভিউয়ে ডাক পাননি। যারা পরীক্ষায় ডাক পেয়েছে তারা সকলকেই ভীন জেলার। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তাদের। সোমবার কোচবিহারের বাইরের ৫৪ জন আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলে কোচবিহারের আবেদনকারীরা সেই ইন্টারভিউ বন্ধ করে দেয়। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত কোচবিহারের হরিজনদের ইন্টারভিউয়ে সুযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ থাকবে। কোচবিহার মেডিকেলের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনেই হচ্ছে। তিনশোর বেশি আবেদন জমা পড়েছিল। ডকুমেন্ট ভেরিফিকেশন করে যাদের ডকুমেন্টস ঠিক রয়েছে তাদেরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। জেলাভিত্তিক এলাকাভিত্তিক কাউকে বাদ দেওয়ার কোনো বিষয় নেই। যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়।
